নতুন অভিবাসী আইন যুক্তরাজ্যে বাংলাদেশী সম্প্রদায়ের জন্যে ক্ষতিকর নয়: ব্রিটিশমন্ত্রী
ব্রিটিশ সরকারের অভিবাসন প্রতিমন্ত্রী টনি ম্যাকনাল্টি অবৈধ অভিবাসীদের জন্যে সাধারণ ক্ষমা ঘোষণার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, নতুন প্রণীত পয়েন্টভিত্তিক অভিবাসী আইন কার্যকর হওয়ার পর যুক্তরাজ্যে হোটেল ব্যবসায় জড়িত বাংলাদেশী সম্প্রদায়ের কোনো সমস্যা হবে না।
হোটেল ও ক্যাটারিং ব্যবসায় নতুন আইনের কথা উল্লেখ করে টনি ম্যাকনাল্টি বলেন, অনেক বাংলাদেশী এখানে বৈধভাবে বসবাস করছেন। ব্রিটিশ অর্থনীতির ক্ষেত্রে তারা কার্যকর ও উল্লেখযোগ্য অবদান রাখছেন। তাদের জন্যে পয়েন্টভিত্তিক পদ্ধতি (পয়েন্ট বেজ্ড সিস্টেম বা পিবিএস) কোন সমস্যা তৈরি করবে না।
তিনি বলেন, উদ্বেগ রয়েছে, তবে এটিই প্রকৃত উদ্বেগ বলে আমি মনে করি না।
ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরে বাংলাদেশ থেকে আগত একদল সাংবাদিকের সাথে আলাপকালে ব্রিটিশ অভিবাসন প্রতিমন্ত্রী দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে বর্তমানে অবস্থানরত ৩১০,০০০ থেকে ৫৭০,০০০ অবৈধ অভিবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণার সম্ভাবনা নাকচ করে দেন।
প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়ে বলেন, হোটেল খাতে দক্ষ বা অদক্ষ শ্রমিক নেয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শ্রমের বাজারের পর বাংলাদেশ বা অবশিষ্ট বিশ্ব হবে ব্রিটিশ সরকারের কাছে তৃতীয় পছন্দ।
তিনি বলেন, যুক্তরাজ্যের হোটেলগুলোতে পাচকের ঘাটতির সত্যতা যদি হোটেলশিল্প প্রমাণ করতে পারে, তাহলে পয়েন্টভিত্তিক পদ্ধতি শিথিল করে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শ্রমের বাজার থেকে শ্রমিক এনে সে ঘাটতি পূরণ করা হবে। এরপরও ঘাটতি থাকলে কিভাবে তা পূরণ করা যাবে সে ব্যাপারে আমরা কথা বলতে পারি।
পয়েন্টভিত্তিক পদ্ধতি সংক্রান্ত আইন সম্পর্কে জনগণকে ধারণা দিতে চলতি বছরের জুন--জুলাই মাসে একটি খসড়া দিকনির্দেশনা ছাপানো হবে বলে অভিবাসন প্রতিমন্ত্রী জানান। ২০০৮ সাল থেকে পাঁচ ধাপে আইনটি বাস্তবায়িত হবে।
যুক্তরাজ্যে বর্তমানে দুই লাখেরও বেশি বাংলাদেশী বসবাস করছে। তাদের অধিকাংশই সেখানকার হোটেল ব্যবসার সাথে জড়িত। ২০০৫ সালে হোটেল শিল্পে তারা চার বিলিয়ন পাউন্ড স্টার্লিং আয় করেছে।
তিনি বলেন, অবৈধ কার্যকলাপের জন্যে কোনো লোকের প্রশংসা করা অথবা তাদেরকে পুরস্কৃত করা আমদের কাজ নয়। কর্তৃপক্ষ অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখবে এবং তাদেরকে স্ব স্ব দেশে পাঠিয়ে দেবে।
তিনি বলেন, অবৈধ পথে যুক্তরাজ্যে আসা বা বেশি দিন এখানে বসবাস করার কোন প্রয়োজন বা সুযোগ নেই। আমরা তাদেরকে গ্রেপ্তার করে তাদের দেশে পাঠিয়ে দেব। আমি মনে করি না, সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে অবৈধ জনগণের বিষয়টির সুরাহা করা যায়। এটি (সাধারণ ক্ষমা ঘোষণা) একটি ভুল পদ্ধতি।
স্পেনে সাম্প্রতিক বছরগুলোতে পাঁচবার সাধারণ ক্ষমা ঘোষণার কথা উল্লেখ করে ব্রিটিশ অভিবাসন প্রতিমন্ত্রী বলেন, এতে সেখানকার পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। পাঠিয়ে দেওয়া অনেক অভিবাসী বৈধ উপায়ে ফিরে আসতে পারে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্যোক্তা, প্রকৌশলী, চিকিৎসকের মতো উচ্চদক্ষ লোকজনকে পয়েন্টভিত্তিক পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হবে।
