বান্দরবানে অগ্নিকাণ্ড ৭টি বসতঘর পুড়ে ছাই, জুমের আগুনে মারা গেছে এক আদিবাসী, ১ম লিড
বান্দরবান জেলা সদরের কালাঘাটা এলাকায় শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অপরদিকে রুমা উপজেলায় জুমের আগুনে পুড়ে একজন আদিবাসীর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, শনিবার সকালে কালাঘাটা জেলেপাড়ার মদন জলদাসের বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের অন্য বসতঘরেও ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, ওই পাড়ার মদন দাসের ঘরের কুপি থেকে আগুনরে সূত্রপাত হয়। তিনি জানান, এতে পাঁচটি বসত ঘর পুড়ে যায়।
তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে সাতটি ঘর ভস্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে শনিবার রুমা উপজেলার দুর্গম বড়থলি পাড়ার পাহাড় থেকে স্থানীয়রা একজন আদিবাসীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে। রুমা উপজেলার সদর ইউপি চেয়ারম্যান উহ্লাচিং জানান, শুক্রবার রঞ্জন তঞ্চঙ্গ্যা (৪৮) নামের একজন আদিবাসী জুম চাষের জন্যে পাহাড়ে আগুন দিয়ে সেখানে অবস্থান করছিলেন। কিন্তু পাহাড়ের শুকনা গাছপালা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তিনি নিরাপদ স্থানে সরে যেতে না পারায় সেখানেই জীবন্তদগ্ধ হয়ে মারা যান।
