৪ মাস পর শনাক্ত হল গাজীপুর কোর্ট চত্বরে নিহত আত্মঘাতী বোমা হামলাকারী
গাজীপুর জেলার কোর্ট চত্বরে গত ২১ নভেম্বর জেএমবি’র আত্মঘাতী বোমা হামলাকারীর পরিচয় ঘটনার চার মাস পর সিআইডি পুলিশ শুক্রবার উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জেএমবি’র আত্মঘাতী বোমা হামলাকারীর নাম আসাদুল ইসলাম (১৯)। সে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তিনদহ বাজার গ্রামের সাইকেল-রিক্সা মেকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ তদন্তকারী সিআইডি পুলিশের ইন্সপেক্টর শ্যামল কুমার রাজশাহী-বগুড়া ও জয়পুরহাট জেলার জেএমবি’র আঞ্চলিক কমাণ্ডার আটক আদনান ওরফে আব্বাসের দেওয়া তথ্য মতে, আত্মঘাতী ক্যাডার আসাদুল ইসলাম শায়খ আবদুর রহমানের নির্দেশে গাজীপুরে আত্মঘাতী বোমা হামলা চালায়। গাইবান্ধা জেলার দায়িত্ব প্রাপ্ত জেএমবি’র জেলা কমাণ্ডার (বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক) চাঁপাইনবাবগঞ্জ জেলার জিয়াউর রহমান বাদল নির্দেশপ্রাপ্ত হয়ে আসাদুলকে আঞ্চলিক কমাণ্ডার আদনানের মাধ্যমে বোমা হামলা চালানোর জন্য গাজীপুর পাঠায়। আত্মঘাতি এই জঙ্গি সদস্য বিভিন্ন সময় জিয়াউর, জাফর, নাজির ও জাহিদ ছদ্মনাম নিজেকে ব্যবহার করতো।
তদন্তকারী সিআইডি কর্মকর্তারা আসাদুলের বাড়ি থেকে জেএমবি’র আল ম্যাগাজিন পত্রিকা, জেএমবি’র এহসার ও জেহাদী সিলেবাসের কাগজপত্রসহ নানা জিহাদী বই পুস্তক উদ্ধার করে। এলাকার লোকজন সূত্রে জানা গেছে, নিহত জেএমবি ক্যাডার আসাদুল ত্রিমোহনী স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করতো। পরে সে বগুড়ায় মাদ্রাসায় পড়ার কথা বলে বাড়ি থেকে উধাও হয়ে যায়। সর্বশেষ গত ঈদুল ফিতরে সে তার বাড়িতে এসেছিল। সে তিনদহ এলাকার একটি বাড়িতে অবস্থানকারী গাইবান্ধা জেলার জেএমবি’র সাবেক কমাণ্ডার বগুড়া জেলার শিবগঞ্জের হাবিবুর রহমান জোবায়ের ওরফে ক্যাপ্টেন সংস্পর্শে এসে জেএমবি’র ক্যাডার হিসেবে অন্তর্ভূক্ত হয়।
