২৭ মার্চের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে দীন মোহাম্মদকে সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ধসে পড়া ফিনিক্স টেক্সটাইল ভবনের মালিক দীন মোহাম্মদকে জামিনের জন্য ২৭ মার্চের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচার আদালতে আত্মসমর্পণের সময়সীমা দুই সপ্তাহ বৃদ্ধি করার সংক্রান্ত দীন মোহাম্মদের দাখিলকৃত পিটিশন খারিজ করে দিয়ে এ নির্দেশ দেন।
দীন মোহাম্মদ বৃহস্পতিবার জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চের সামনে সশরীরে হাজির হন।
হাইকোর্ট ১২ মার্চ জামিনের জন্য দুই সপ্তাহের মধ্যে বিচার আদালতে আত্মসমর্পণ করতে দীন মোহাম্মদের প্রতি নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্ট ঢাকার সিএমএম আদালতকে জামিনের বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেন। তবে সেক্ষেত্রে ভবনধসের ঘটনায় শিকার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং এ ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে সরকারের মূল্যায়ন বিবেচনায় আনতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।
দীন মোহাম্মদের জামিনের বিরোধিতা করে ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল আদালতকে বলেন, অভিযুক্ত (দীন মোহাম্মদ) হাইকোর্টের আদেশ মেনে নিয়ে বিচার আদালতে আত্মসমর্পণ করেননি।
চলতি বছরের ২৫ ফেব্র“য়ারিতে ফিনিক্স ভবনধসের ঘটনায় ২২ জন নিহত ও আরো বহু আহত হয়।
তেজগাঁও থানা পুলিশের সাব ইনস্পেক্টর (এসআই) খলিলুর রহমান বাদী হয়ে সিটি ব্যাংকের একজন শীর্ষর্ কর্মকর্তা দীন মোহাম্মদসহ সাতজনকে অভিযুক্ত করে ২৬ ফেব্র“য়ারি একটি মামলা দায়ের করেন।
অ্যাডভোকেট টিএইচ খান দীন মোহাম্মদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।
