রাজশাহীতে ‘বার্ড ফ্লু আক্রান্ত সন্দেহে’ ভারত থেকে আসা সাড়ে ১১ হাজার মুরগির বাচ্চা নিলামে বিক্রি
রাজশাহী কাস্টমস হাউজ থেকে বুধবার ‘বার্ড ফ্লু আক্রান্ত সন্দেহে’ প্রায় সাড়ে ১১ হাজার মুরগির বাচ্চা নিলামে বিক্রি করা হয়েছে।
সূত্র জানায়, বিডিআর রাজশাহী ১০ ব্যাটেলিয়নের সদস্যরা বেলা ১১টার দিকে সীমান্ত দিয়ে ভারত থেকে আসার সময় এগুলো আটক করে দুপুরে কাস্টমস গুদামে জমা দেয়।
সূত্র আরো জানায়, ওই মুরগীর বাচ্চাগুলো কোনো পরীক্ষা--নিরীক্ষা ছাড়াই কাস্টমস গুদামের ইনচার্জ তড়িঘড়ি করে নিলামে তোলে। দুপুর ৩টায় দু’জন ব্যবসায়ীর কাছে এগুলো বিক্রি করা হয়।
কাস্টমস গুদাম সূত্রে জানা গেছে, ক্রেতাদের একজন নগরীর লক্ষ্মীপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম ৯ হাজার ৯শ’ ২০টি মুরগীর বাচ্ছা নিয়ে নরসিংদীর উদ্দেশে রওয়ানা হয়েছেন।
অপর ১ হাজার ৪৩৮টি বাচ্চা কিনেছেন নগরীর হোসনীগঞ্জ এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।
এদিকে বার্ড ফ্লু আক্রান্ত মুরগীর বাচ্চা নিলামের খবরে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কাস্টমস গুদামের ইনচার্জ আব্দুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে কিছু বলতে রাজি হননি।
সুপারিটেন্ডেন্ট আব্দুস সোবাহান বিডিনিউজকে বলেন, আমি জানতাম না। আমাকে না জানিয়েই ইনচার্জ বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছেন।
তবে রাজশাহীর কাস্টমস কমিশনার বলেন, বিষয়টি জানার পর ব্যবসায়ীদের কাছ থেকে মুরগীর বাচ্চাগুলো ফেরত নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
