রাজধানীতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত এসপি ছুরিকাহত
রাজধানীর কাকরাইল এলাকায় বুধবার ভোরে একজন অতিরিক্ত পুলিশ সুপার ছিনতাইকারীদের হাতে ছুরিকাহত হয়েছেন। আহতের নাম মাহমুদুর রহমান (৪০)। তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সভায় যোগ দিতে বুধবার ভোরে তিনি ঢাকায় পৌঁছান। ভোর ৪টার দিকে রিকশা করে অফিসার্স রেস্ট হাউজে যাওয়ার সময় কাকরাইলে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা অতিরিক্ত এসপির ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে এক দফা ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে ছিনতাইকারীরা তার দুই হাত, তলপেট ও বুকে ছুরিকাঘাত করলে তার আর্ত চিৎকারে টহল পুলিশ দৌঁড়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অতিরিক্ত এসপি মাহমুদুর রহমানকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
