২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাবাহন রিকুইজিশন বাবদ পুলিশের কাছে বকেয়া ১২ কোটি টাকা

বেসরকারি যানবাহন রিকুইজিশন বাবদ পুলিশ কাছে বকেয়া প্রায় ১২ কোটি টাকা আদায়ের লক্ষ্যে রোববার যানবাহন মালিকরা আইনগত পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে। যোগাযোগমন্ত্রী অবশ্য এ ব্যাপারে আশু পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাথে এক বৈঠকে যানবাহন মালিকরা রিকুইজিশন প্রক্রিয়াকে ঘিরে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করা না হলে আদালতের শরনাপন্ন হওয়ার হুমকি দেন।

ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বকেয়া অর্থের বিষয়টি স্বীকার করেন এবং জানান আইনি জটিলতার কারণে টাকা পরিশোধ করা যাচ্ছেনা।

অন্যদিকে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা জানিয়েছেন, তিনি বিষয়টি নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতোমধ্যে তার সচিবকে নির্দেশ দিয়েছেন।

বৈঠকে যানবাহন মালিক এবং পরিবহন নেতৃবৃন্দ অভিযোগ করেন, ডিএমপি তাদের প্রয়োজন মত যানবাহন রিকুইজিশন করলেও প্রয়োজনীয় অর্থ এবং অন্যান্য সুবিধা প্রদান করছে না। তাছাড়া পুলিশ সদস্যরা বরাদ্দের অতিরিক্ত যানবাহন রিকুইজিশন করেন বলে অভিযোগ করেন ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি অভিযোগ করেন, পুলিশ আগে প্রতিদিন ৩০ থেকে ৪০টি যানবাহন রিকুইজিশন করলেও বর্তমানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রতিদিন ১২০টি যানবাহন রিকুইজিশন করছে।

ডিএমপি অ্যাক্ট- ১৯৭৬- এ একটি বাস রিকুইজিশন বাবদ প্রতিদিন ৫০০ টাকা করে প্রদানের বিধান রয়েছে। সেইসাথে গাড়ির জ্বালানিসহ অন্যান্য সুবিধা এবং চালক ও হেলপারের খাবারও সরবরাহ করতে হবে।

যানবাহন মালিকরা রোববার সাংবাদিকদের জানান, পাওনা টাকা আদায়ের জন্যে তারা পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তারা এ ব্যাপারে পদক্ষেপ নিলেও পরবর্তীতে তা ঝিমিয়ে পড়ে।

এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিডিনিউজকে বলেন মালিকদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে তিনি যোগাযোগ সচিবকে নির্দেশ দিয়েছেন।

ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, বকেয়া অর্থ পরিশোধের লক্ষ্যে ডিএমপির জন্য কোনো আইন কিংবা পদ্ধতি না থাকায় তারা অর্থ পরিশোধ করতে পারছেন না। তিনি আরো জানান, এ বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি।

অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান রিকুইজিশন ঘিরে পুলিশের বিরুদ্ধে মালিকদের অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন ।