২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কুখ্যাত বনদস্যু মুকুল ভূঁইয়া ক্রসফায়ারে নিহত

সুন্দরবনের কুখ্যাত ডাকাত, শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী মোঃ ওজিয়ার রহমান ওরফে মুকুল ভূঁইয়া (৪৫) রোববার ভোররাতে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে। নগরীর খানজাহান আলী থানা এলাকার মশিয়ালী প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

পুলিশ জানায়, কুখ্যাত ডাকাত মুকুলকে নগরীর টুটপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী ও অস্ত্রভাণ্ডার সর্ম্পকে চাঞ্চল্যকর তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে নিয়ে শনিবার গভীর রাতে খানজাহান আলী থানা এলাকায় অভিযানে বের হয়।

পথিমধ্যে মশিয়ালী প্রাইমারি স্কুলের পাশে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় সুযোগ বুঝে মুকুল পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ ও ১৩ রাউন্ড এসএলআর’র গুলি উদ্ধার করা হয়। নিহত মুকুলের বিরুদ্ধে একটি হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, আপহরণসহ সাতটি মামলা রয়েছে।

নিহত মুকুল ভূঁইয়া খুলনার ফুলতলার দামোদর ভূঁইয়া পাড়ার নাসির উদ্দিনের ছেলে এবং জেল হেফাজতে থাকা শীর্ষ চরমপন্থি শিমুল ভূঁইয়ার ভাই।