ঝিনাইদহে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি নিহত
ঝিনাইদহের চরকোল গ্রামে শনিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল)’র এক শীর্ষ নেতা নিহত হয়েছে।
নিহতের নাম শামসুল ইসলাম ওরফে সুমন (৪০)। নিহত সুমন চরকোল গ্রামের মৃত জহিরউদ্দিন মন্ডলের পুত্র।
পুলিশ জানায়, কোটচাঁদপুর থানা পুলিশ শুক্রবার দুপুরে সুমনকে চৌগাছা থানার চাঁদপাড়া খাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।
সুমনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য চরকোল গ্রামের একটি মাঠে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় সুমন পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরি বন্দুক ও চার রাউন্ড উদ্ধার করে।
পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে ১৯টি হত্যাসহ ২০টি মামলা রয়েছে।
