বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে আগুন: পুরো এলাকায় আতংক
হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বুধবার এক অগ্নিকান্ডের ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
গ্যাস ক্ষেত্রের নর্থ প্যাডের পাশের মাড পন্ডে (কাদার পুকুরে) দুপুর আনুমানিক আড়াইটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। সাথে সাথে নিরাপত্তা ঘন্টা বাজিয়ে সকল কর্মী সরিয়ে নেয়া হয়।
ধারণা করা হচ্ছে জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত। তবে ৮ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র উন্নয়ন কাজে কোনো বিঘœ হবে না বলে জানা গেছে।
গ্যাস ক্ষেত্রের অপারেটর শেভরন আগুন লাগার ঘটনা স্বীকার করে বলেছে, এর সাথে খনন কাজের কোনো সর্ম্পক নেই।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবর্জনার স্তুপে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। আর তা’ ১০ মিনিটের কম সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে শেভরন জানায়।
তবে বিকেলে পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, তারা এখনো অগ্নিকান্ডের বিষয়টি জানেন না।
শেভরন গত বছরের মাঝামাঝি সময় বিবিয়ানা গ্যাস ক্ষেত্র উন্নয়নের কাজ শুরু করে। এখানে দু’টি প্যাডে (উত্তর ও দক্ষিণ) মোট ১৩টি উন্নয়ন কূপ খনন করার কথা।
জার্মান ড্রিলিং কোম্পানি কেসিএ ডয়েট এই খনন কাজ করছে। ব্যাচ ড্রিলিং কর্মসূচির আওতায় নর্থ প্যাডে একই সাথে ৬ টি কূপ খনন করা হচ্ছে। গত জানুয়ারি মাসে খনন কাজ শুরু হয়।
আগামী ডিসেম্বর মাস থেকে বিবিয়ানা থেকে প্রতিদিন ২৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ শুরু হবে।
বিবিয়ানায় ২ দশমিক ১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। ২৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে গ্যাস ক্ষেত্রটি উন্নয়ন করা হচ্ছে।
