২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেট সংকট, ভেজাল বিরোধী অভিযান থুবড়ে পড়েছে

ম্যাজিস্ট্রেট সংকটের কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) ভেজাল বিরোধী অভিযান মুখ থুবড়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিএসটিআই কর্তৃপক্ষ ঢাকার মূখ্য মহানগর হাকিমকে (সিএমএম) ভেজাল বিরোধী অভিযান শুরু করতে ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ জানায়। তাদের অনুরোধে তিনি একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তবে ওই ম্যাজিস্ট্রেটকে অফিসিয়াল দায়িত্ব পালন শেষে অর্ধ দিবস কার্যক্রম চালাতে বলা হয়।

এর আগে ভেজাল বিরোধী অভিযানে ৩৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন। ওই অভিযানে ৪৩২টি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মোট ৯৭৩টি মামলা দায়ের করে। এতে এক কোটি ৮২ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা আদায় হয়। ওই আদালত ১৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ দেয়।

এবার ৩৫ জনের স্থলে মাত্র একজনকে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্ব দেওয়ায় অভিযানের সাফল্য নিয়েই প্রশ্ন উঠেছে।

বিএসএসটিআই’র মহাপরিচালক (ডিজি) আবদুল হক চৌধুরী বিডিনিউজকে জানান, বিএসটিআই’র নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। এ কারণে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনায় সিএমএম আদালতের থেকে ম্যাজিস্ট্রেট নেওয়া হয়।

তিনি জানান, বিএসটিআইতে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ইতোমধ্যে সংস্থাপন মন্ত্রণালয়কে একাধিক বার চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগের ক্ষমতা দেওয়া হলে এ সংকট আর থাকবে না।