ভোলায় মেঘনা নদীতে ৫ মাঝিসহ মালবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ১
ভোলার দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে পাঁচ মাঝি--মাল্লাসহ একটি পাথর বোঝাই ট্রলার ডুবে গেছে। ঘটনার পর নৌকাটির চারজন মাঝিকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, মাইনুদ্দিন (৩২) নামে নিখোঁজ ওই মাঝির সলিল সমাধি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দৌলতখান থেকে একটি পাথর বোঝাই ট্রলার শনিবার বিকেলে মনপুরার উদ্দেশে যাত্রা করে। ট্রলারটি ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর চৌকিঘাট এলাকায় প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
