সার-বিদ্যুৎ-ডিজেল সংকট নিরসনের দাবিতে রাজধানীতে মানববন্ধন
সার-বিদ্যুৎ-ডিজেল সংকট নিরসনের দাবিতে রাজধানীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন কর্মজীবী নারী বুধবার সকালে মুক্তাঙ্গনে এ কর্মসূচি পালন করে।
সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিতে নিয়োজিত নারী-পুরুষ অংশগ্রহণ করে। বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে অব্যাহতভাবে সতর্ক সংকেত দেওয়া সত্ত্বেও দেশে সার সংকট তৈরি হয়েছে।
তারা বলেন, ইরি-বোরো আবাদে সারের ঘাটতি ও বিদ্যুৎ-ডিজেলের অভাবে ক্ষেতের ফসল মরে যাচ্ছে। সেচ কাজের জন্যে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না বলে বিদ্যুৎ বিভাগ বিভিন্ন অঞ্চলে জানিয়ে দিয়েছে।
বক্তারা আরো বলেন, প্রকৃত কৃষকদের অর্ধেক মূল্যে পর্যাপ্ত সার, ডিজেল এবং বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।
‘সমন্বিত বালাই ব্যবস্থাপনা’র ব্যাপক প্রচলনের জন্যে সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কম্পোজড ও জৈব সারের উৎপাদন, বিপণন ও ব্যবহার উৎসাহিত করতে হবে।
তারা বলেন, ডিজেলচালিত সেচ যন্ত্রকে বিদ্যুতের আওতায় আনতে হবে। সেচের পানির মূল্য নির্ধারণ করতে হবে বলে সমাবেশে দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রোকেয়া রফিক, মাহমুদা ইমাম, আরিফা আক্তার আনু, শায়লা শহীদ, সেলিনা আক্তার, সৈয়দা সেলিনা শেলী, শবনম হাফিজ, হামিদা বেগম এবং শাহীন আক্তার।
