জেএমবি’র মজলিশ-ই-শূরার আরেক সদস্য গ্রেপ্তার
দেশে চলমান নিষিদ্ধ ইসলামি জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যদের গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার র্যাব সদস্যরা জেএমবি’র মজলিশ-ই-শূরা’র এক শীর্ষ নেতাকে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত জঙ্গি নেতার নাম হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান। সে আফগান যুদ্ধফেরত এবং তাকে জেএমবি’র তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি ও একজন ’থিংক ট্যাঙ্ক’ হিসেবে চিহিৃত করা হয়।
এর আগে র্যাব সদস্যরা জেএমবি’র মজলিশ-ই-শূরার দুই সদস্য আতাউর রহমান সানি এবং আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে। সানি জেএমবি’র সামরিক শাখার প্রধান।
জেএমবি’র ছয় সদস্য বিশিষ্ট মজলিশ-ই-শূরার সদস্যরা সারাদেশে সিরিজ বোমা হামলা এবং সুইসাইড হামলার জন্যে অভিযুক্ত।
র্যাবের বিশ্বস্ত সূত্র জানায়, মঙ্গলবার ১২টার দিকে এলিট ফোর্সের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে হাফেজ মাহমুদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এর আগে মজলিশ-ই-শূরার সদস্যদের গ্রেপ্তার করতে সরকার ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।
র্যাব সূত্র জানায় হাজেফ মাহমুদ জেএমবি’র খুলনা ও বরিশাল বিভাগের সার্বিক কার্যক্রম তদারক করতো। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
র্যাব এর মহাপরিচালক আবদুল আজিজ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
র্যাবের মহাপরিচালক, ‘আমি অফিসের বাইরে। আমাকে কিছুই জানানো হয়নি।’
এর আগে গত ৫ ফেব্রুয়ারি নীলফামারী জেলায় র্যাব এর একটি শক্তিশালী অভিযানকালে হাফেজ মাহমুদ পালিয়ে যেতে সক্ষম হয়।
ওই অভিযানে র্যাব সদস্যরা জেএমবি’র নয়জন উচ্চ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল একজন ডিভিশনাল কমান্ডার, তিনজন এহসার (সার্বক্ষণিক সদস্য) এবং পাঁচজন জেলা কমান্ডার।
মজলিশ-ই-শূরার তিনজন গ্রেপ্তার হলেও জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান এবং তার সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই এখনও পলাতক রয়েছে।
এই শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তারের জন্যে সরকার ৫০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে।
এছাড়া জেএমবি’র এখন পর্যন্ত আরও দু’জন মজলিশ-ই-শূরার সদস্য পলাতক রয়েছে। তারা হলো মোহাম্মদ সালেহউদ্দিন ওরফে সালাহউদ্দিন এবং ফারুক হোসেন ওরফে খালেদ সাইফুল্লাহ।
