ভয়াবহ লোডশেডিং এর সুযোগে বাজারে মোমবাতির দাম চড়া
একদিকে ভয়াবহ লোডশেডিং, অন্যদিকে চাহিদার তুলনায় অপ্রতুল যোগান, সব মিলিয়ে রাজধানীতে দেখা দিয়েছে মোমবাতির তীব্র সংকট।
এই সুযোগে খুচরা ও পাইকারি বাজারে মোমবাতি দাম এখন হয়েছে দ্বিগুন।
ক্রেতারা অভিযোগ করেন, লোডশেডিং এর কারণে এক শ্রেণীর মোমবাতি ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্বিগুন দামে মোমবাতি বিক্রি করছে।
মিরপুরের এক মোমবাতি কারখানার মালিক আলাউদ্দিন বিডিনিউজকে বলেন, উৎপাদন কম না থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ী বাজারে মোমবাতির কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ফলে ক্রেতারা শিকার হচ্ছেন মারাত্মক দুর্ভোগের।
মোহাম্মদপুরের একজন ক্রেতা জানান, লোডশেডিং এর কারণে তাদের এলাকায় প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই সমস্যা মারাত্মক আকার ধারণ করে রাতে।
তিনি বলেন, এ সময় দোকান থেকে ৫ টাকা দামের মোমবাতি ৮-১০ টাকায় কিনতে হয়।
শুধুমাত্র আবাসিক এলাকাই নয়। বিপনী বিতান ও মার্কেটগুলোতেও ভয়াবহ লোডশেডিং এর কারণে বেচাকেনা কমে গেছে। ফলে তাদের বিক্রি অনেক কমে যাওয়ায় দেখা দিয়েছে অর্থনৈতিক ক্ষতি।
জানা যায়, বিদ্যুৎ না থাকায় ভয়াবহ গরমে মার্কেটের কর্মচারীরাও বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছে। সর্দি, কাশি এবং জ্বর-ইত্যাদি লেগেই আছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন সাইজের মোমবাতির প্যাকেট প্রতি নির্ধারিত মূল্যের দিগুণ অর্থাৎ ১৮ টাকার প্যাকেট ৩৬ টাকা থেকে ৪০ টাকা, মাঝারি সাইজের মোমবাতি প্রতিটি পাঁচ টাকা থেকে বেড়ে আট থেকে ১০ টাকায় এবং বড় সাইজের মোমবাতি প্রতিটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, বিদ্যুৎ না থাকায় বাজারে সরবরাহ কম এবং পাইকারি বাজারে বেশী দামে মোমবাতি কিনতে হচ্ছে।
