২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১জনের মৃত্যু, কেটিএস গার্মেন্টসের লাইসেন্স বাতিল

চট্টগ্রামে বৃহস্পতিবারে গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত মনিরের (১৬) মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৭২ ঘণ্টা পর রোববার সকালে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এ নিয়ে সরকারি হিসেবে নিহতের সংখ্যা ৫৫তে দাঁড়াল, তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা আরও অনেক বেশি।

অন্য অনেকের মতোই মনি নামের এই কিশোরীর শরীরের ৮০ শতাংশ অগ্নিদগ্ধ হয়।

চিকিৎসার জন্যে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে রাখা হয়।

চট্টগ্রাম মেডিক্যালে ভর্তিকৃত ৪৯ জন অগ্নিদগ্ধের মধ্যে ছয়জনকে শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র জানায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো অগ্নিদগ্ধরা হচ্ছে, নূরজাহান, মর্জিনা, লাভলি, ঝুমকি, আব্দুস সালাম ও ফারজানা।

এদিকে, শনিবার রাতে বিজিএমইএ নেতারা এক জরুরি বৈঠকে কেটিএস গার্মেন্টেসের লাইসেন্স বাতিল করেছেন।

গার্মেন্টস মালিক এখনো পলাতক রয়েছে। রোববার চট্টগ্রাম পুলিশ ওই গার্মেন্টসের পরিচালক ও হিসাবরক্ষককে কোর্টে হাজির করে এবং তাদের রিমান্ডে নেয়ার আবেদন জানায়।