২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামকে ৪টি পৃথক জেলায় রূপান্তরের দাবি জানিয়েছে চট্টগ্রাম সমিতি

ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি নেতৃবৃন্দ চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে, চট্টগ্রামের বর্তমান ১৫টি উপজেলা নিয়ে ৪টি পৃথক জেলা গঠনের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 10:41 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

শনিবার দুপুরে তোপখানা রোডে চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম ঢাকা (সিজেএফডি) নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ এ দাবি তুলে ধরেন।

চট্টগ্রাম সমিতির সভাপতি আবু আলম চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় অংশ নেন সমিতির সাধারণ সম্পাদক এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু ও গিয়াসউদ্দিন খান। সিজিএফডির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এনামুল হক, হুমায়ন সাদেক চৌধুরী, এম ওয়াহিদুল্লা, মেজবাউদ্দিন জঙ্গি প্রমুখ।

মত বিনিময় সভায় চট্টগাম সমিতি নেতৃবৃন্দ চট্টগ্রামের উন্নয়নের জন্যে উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নে হতাশা ব্যক্ত করে বলেন, উন্নয়নের দিক থেকে চট্টগ্রাম যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি দেশের বৃহৎ জেলা হওয়ায় প্রশাসনিক ক্ষেত্রে চট্টগ্রামবাসীর প্রতিনিধিত্ব ক্রমেই সংকুচিত হচ্ছে।

চট্টগ্রাম সমিতি ও সিজেএফডি নেতৃবৃন্দ চট্টগ্রামে বিসিক শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রানহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

এদিকে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ওসমানী মিলনায়তনে চট্টগ্রাম সমিতি ঢাকার নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের অভিষেক অনুষ্ঠানে পরাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।