বার্ড ফ্লু আতঙ্কে বাংলাদেশ বিমানের কলকাতা ফ্লাইটের মেন্যুতে মুরগির মাংস ও ডিম নিষিদ্ধ
বার্ড ফ্লু আতঙ্কে বাংলাদেশ বিমানের কলকাতা ফ্লাইটগুলোর খাবারের মেন্যুতে মুরগির মাংস ও ডিম নিষিদ্ধ করা হয়েছে।
কলকাতায় নিয়োজিত বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, কলকাতার নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কলকাতা-ঢাকা রুটে চলাচলকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোমবার থেকে মুরগির মাংস ও ডিম দেওয়া হবে না।
তিনি আরও জানান, আজ থেকে ঢাকাগামী যাত্রীদের মুরগির মাংস ও ডিমের পরিবর্তে খাসির মাংস ও ভেট্কি ফ্রাই দেওয়া হবে। ইতোমধ্যে কলকাতার ফ্লাইট ক্যাটারিং সার্ভিসকে এ ব্যাপারে জানানো হয়েছে।
বিমান সূত্র জানায়, রোববার কলকাতায় বাংলাদেশ বিমানের ডিলে ফ্লাইটের যাত্রীদের মুরগির মাংস ও ডিম দেওয়া হলে তারা তা খেতে অস্বীকৃতি জানিয়ে খাবার পরিবর্তন কারার দাবি জানান।
বাংলাদেশ বিমান ছাড়াও কলকাতা রুটের আন্তর্জাতিক ফ্লাইটগুলোর খাবার তালিকা থেকেও মুরগির মাংস ও ডিম বাদ দেওয়া হয়েছে বলে কলকাতা নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত মহারাষ্ট্রের নবপুরে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সাড়ে তিন লাখ মুরগি মারা যাওয়ার খবর দু’দিন আগে শনিবার সরকারিভাবে স্বীকার করার পর, ভারতের বিভিন্ন স্থানে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কলকাতায় এখন পর্যন্ত বার্ড ফ্লুর সন্ধান পাওয়া যায়নি। তবুও রাজ্যের অধিকাংশ মানুষ ইতোমধ্যে এই আতঙ্কে মুরগির মাংস ও ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন।
অপরদিকে, বাংলাদেশ বিমানের পর কলকাতা-চট্টগ্রাম রুটের বেসরকারি বিমান সংস্থা জিএমজিও তাদের খাবার তালিকা থেকে মুরগির মাংস ও ডিম বাদ দিয়েছে। সংস্থার একজন দায়ীত্বশীল কর্মকর্তা বিডিনিউজকে জানিয়েছেন, সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
