ঢাবি'তে ড. শামসুজ্জোহা দিবস উপলক্ষ্যে আলোচনা
ড. শামসুজ্জোহা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্লাব ভবনে আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শরীফউল্লাহ ভুঁইয়া। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আখতারুজ্জামান।
আলোচনা পর্বে অংশ নেন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক আমজাদ হোসেন, অদ্যাপক ড. আখতারুজ্জামান, ড. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সভায় আলোচকরা বলেন, অধ্যাপক ড. শামসুজ্জোহার আত্মত্যাগ দেশের ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। তাঁর আত্মত্যাগ অন্যায় ও বর্বরতার বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় মুক্তিকামী মানুেষর অনুপ্রেরণা দিবে বলে সভায় মত ব্যক্ত করা হয়।
সভায় আলোচকরা যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান বা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা তার নামানুসারে করার দাবি জানান।
আলোচকরা ঢাবির এই একাধারে ছাত্র ও শিক্ষকের নামে ঢাবির রসায়ন বিভাগের গবেষণাগার বা পাঠাগারের নামকরণ করারও দাবি জানান।
