২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের কৃষি ধংসে সরকারের ষড়যন্ত্র প্রতিরোধে কানসাটবাসী জীবন দানে অঙ্গীকারাবদ্ধ

চাপাইনবাবগঞ্জের ‘কানসাট ট্রাজেডি’-র তদন্তে মানবাধিকার সংস্থার উদ্যোগে গঠিত গণতদন্ত দলের সদস্যরা শুক্রবার সরকারের কৃষি বিরোধী নীতি ও দাতাদের প্রেসক্রিপশনের তীব্র সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তেল-গ্যাস-খনিজ সম্পদ এবং বন্দর ও বিদ্যুৎ রক্ষার জন্যে গঠিত জাতীয় কমিটির ৫ সদস্যবিশিষ্ট দলটি কানসাটে ১০ জন কৃষক হত্যার তদন্তকালে বলেন, জনতা যখন তাদের সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ দেখায় তখন তাদের ওপর হামলা চালিয়ে সরকার তাদের হত্যা করেছে।

কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, “কানসাটের মানুষ দেশের কৃষিখাত ধংস করতে সরকার ও দাতা সংস্থাগুলো যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা প্রতিহত করতে নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার শপথ নিয়েছে।

দলটি কানসাটের মানুষের চলমান আন্দোলনের সাথেও তাদের একাত্মতা ঘোষণা করেছে।