চট্টগ্রাম বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করেছে।
সোমবার ভোরে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলে জানা যায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং সংস্কৃতিক সম্পাদক পদসহ সম্মিলিত আইনজীবী পরিষদ মোট এগারটি পদে বিজয়ী হয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম আইনজীবী সংগঠনের এ নির্বাচনে মোট ১৫৩৪ জন ভোটারের মধ্যে ১২৪২ জন ভোটার ভোট প্রদান করে।
নির্বাচনে এ্যাডভোকেট খায়রুল ইসলাম সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট রতন কুমার রায়। এ্যাডভোকেট খায়রুল ইসলাম প্রথমে সমন্বয় পরিষদের প্রার্থী থাকলেও পরিষদের সাথে মতানৈক্যের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
মোট দশটি কার্যকরী সদস্য পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্নয় পরিষদ সাতটি পদে জয়লাভ করেছে।
সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর নির্বাচন কমিশন দুইবার ভোট গনণা করে রতন কুমার রায়কে মাত্র দুই ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করে। সাধারণ সম্পাদক পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি ও চার দল সমর্থিত প্রার্থী সরকারী কৌশলী এ্যাডভোকেট আব্দুস সাত্তার।
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ বিএনপি ও চার দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং সমমনা আইনজীবী পরিষদ-এই তিনটি প্যানেল জেলা আইনজীবী সমিতির আঠারটি পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে।
