২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর নির্দিষ্ট কয়েকটি অংশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে: বাবর

সম্প্রতি রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শনিবার বলেছেন, সাম্প্রতিককালে রাজধানীর নির্দিষ্ট কয়েকটি অংশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদর দপ্তরে শনিবার র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের সাথে একটানা সাড়ে তিনঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, কয়েকটি এলাকায় অপরাধমূলক কার্যক্রম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, অপরাধ ঘটতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অপরাধমূলক কার্যক্রমের পুনরাবৃত্তি রোধে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। বেকারত্ব ও নিু আয়ের কারণে অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে তিনি বলেন।

সভায় র‌্যাবের সফলতা-ব্যর্থতার মূল্যায়ন করা হয় এবং ব্যর্থতা কাটিয়ে উঠতে তাদেরকে দিকনির্দেশনা দেওয়া হয়।

আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বৈঠক শেষে বেরিয়ে বাবর সাংবাদিকদের বলেন, সভায় আমরা তাদেরকে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছি।

সভায় সাম্প্রতিক সময়ের চারটি হত্যাকাণ্ড, র‌্যাব সদস্যদের চাঁদাবাজি, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ ব্যক্তিদের গ্রেপ্তার করতে না পারার এলিট বাহিনীর ব্যর্থতা এবং সফলতা হিসেবে বিপুল পরিমাণে বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ব্যাপারে আলোচনা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে কোনও র‌্যাব সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকে ক্ষমা করা হবে না। শৃঙ্খলার স্বার্থে কোনও ধরনের অবাধ্যতা সহ্য করা হবে না।

বৈঠক সূত্র জানায়, তারা জানতে পেরেছেন যে, র‌্যাব সদস্যরা ধীরে ধীরে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন। তবে বিভিন্ন অপরাধের কারণে এ পর্যন্ত কমপক্ষে ১৫৭ জন র‌্যাব সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এদের মধ্যে ৪৮ জনকে গুরু দণ্ড এবং ১০৯ জনকে লঘু দণ্ড দেওয়া হয়।

সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোনও র‌্যাব সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসার পর তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করার জন্যে র‌্যাবকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি এ কমিটিকে ২০ দিনের মধ্যে তদন্ত শেষ করে ২১ দিনের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দেন।

বৈঠক সূত্র আরও জানায়, জঙ্গিদের আটক এবং বিস্ফোরক উদ্ধারের ক্ষেত্রে র‌্যাবের বেশ কিছু সাফল্যের জন্যে লুৎফুজ্জামান বাবর র‌্যাব সদস্যদের প্রশংসা করেন। তবে বাড্ডায় চার খুন এবং মিরপুরে ব্যবসায়ী নিহত হওয়ার ব্যাপারে র‌্যাব সদস্যদের ব্যর্থতায় তিনি র‌্যাবকে সতর্ক করে দেন। এসময় তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়াও তিনি কোনও ধরনের অপরাধে জড়িত থাকার শাস্তির ব্যাপারে র‌্যাব সদস্যদেরকে সতর্ক করে দেন।

র‌্যাবের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে জানান, বিভিন্ন ক্রসফায়ারের ঘটনা তদন্তে কমপক্ষে ১৫৬টি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এ পর্যন্ত ১৩০টির রিপোর্ট সম্পন্ন হয়েছে।

বৈঠকে র‌্যাব সদস্যদেরকে তাদের গোয়েন্দা কর্মকাণ্ড আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়।