মহানবী মোহাম্মদ (সা.) এর কার্টুন ছাপার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ
ডেনমার্কের একটি পত্রিকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপার প্রতিবাদে হাজার হাজার মুসল্লি শুক্রবার দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করেছে।
রাজধানী ঢাকায় প্রতিবাদ বিক্ষোভের সময় মুসুল্লিদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভরত মুসুল্লিরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ ও অন্যান্য ইউরোপীয় নেতার কুশপুত্তলিকা দাহ করে এবং ডেনমার্কের পতাকায় আগুন ধরিয়ে দেয়। ইউরোপীয়-খ্রিস্টান পণ্য বর্জন করতে তারা ধর্মপ্রাণ মুসুল্লিদের প্রতি আহ্বান জানায়।
শুক্রবার জুমআ’র নামাজের শেষে শত শত মুসল্লি সম্মিলিত ইসলামী দলের ব্যানারে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে।
সম্মিলিত ইসলামী দলের ব্যানারে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিজবুত তাহরির বাংলাদেশ, জামায়াতে ওলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতুল মুদাছছিরিন, ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন বিক্ষোভ মিছিলে যোগ দেয়।
বায়তুল মোকাররম থেকে বিক্ষোভকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর গুলশানের ডেনমার্ক দূতাবাস ঘেরাও করতে সেখানে মিছিল নিয়ে যেতে চাইলেও পুলিশের বাধার কারণে তাদেরকে কাকরাইল ক্রসিং পর্যন্ত গিয়েই থেমে যেতে হয়।
কাকরাইল থেকে বায়তুল মোকাররমে ফেরার পথে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে কয়েকজন বিক্ষোভকারী সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিক্ষোভকারীরা দু’টি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। ডেনমার্কের পত্রিকায় কার্টুন ছাপানোর নিন্দা জানিয়ে জাতীয় সংসদে একটি নিন্দা বিল পাস করার দাবিতে তারা সোমবার জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল করবে। এছাড়া ইউরোপীয়-ক্রিশ্চিয়ান পণ্য বর্জন করতে ধর্মপ্রাণ মুসুল্লিদের প্রতি আহ্বান জানাতে তারা শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গনে সমাবেশ করবে।
শত শত মুসুল্লি বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। পশ্চিমা মিডিয়ায় কার্টুন ছাপানোর প্রতি নিন্দা জানিয়ে তারা বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।
পথচারী, ব্যবসায়ী, হকার, শ্রমিক-সহ বিভিন্ন পেশার শত শত লোক বিক্ষোভকারীদের সাথে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে যোগ দেয়।
পরবর্তীতে জুমআর নামাজের পর তারা বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে।
চরমোনাই পীর ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে আজিজুল হক মুরাদ, আব্দুর রাকিব, মোহাম্মদ আবুল বাশার, হাবিবুর রহমান, মাওলানা মহিউদ্দিন খান, শাহ আহম্মদ শফি বক্তব্য রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন অংশ থেকে আগত শত শত মুসুল্লি সমাবেশে যোগদান এবং পরবর্তীতে অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিন) কয়েকশ’ সদস্য মোতায়েন করা হয়।
বিক্ষোভ মিছিল-সমাবেশ নির্বিঘ্নে ও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা মহাখালী-মগবাজার ও মতিঝিল-প্রেস ক্লাব রোড দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্লক করে রাখে। এর ফলে শত শত যানবাহন কয়েক ঘন্টা ধরে রাস্তায় আটকে থাকে ও রাজধানীতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, হজরত মোহাম্মদ (সা.) এর কার্টুন ছাপার প্রতিবাদে মুসুল্লিরা শহরে মিছিল বের করে এবং প্রতিবাদ সমাবেশ করে। এ সময় উত্তেজিত কয়েকজন প্রতিবাদকারী সিরাজগঞ্জ ডেপুটি কমিশনারের কার্যালয়ের সামনের খ্রিস্টান কবরস্থানে পাথর ছুঁড়ে মেরে কবরস্থানের ক্ষতিসাধন করেছে।
বিডিনিউজের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, কার্টুন ছাপার প্রতিবাদে শুক্রবার আয়োজিত একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। সেখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে উলে¬খযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
