চার মন্ত্রণালয়ের আর্থিক, নৈপূণ্য নিরীক্ষা করছে সরকার
সরকার প্রথমবারের মত মধ্য মেয়াদী বাজেট কাঠামোর (এমটিবিএফ) আওতায় চারটি মন্ত্রণালয়ের আর্থিক ও নৈপূণ্য (পারফরমেন্স) নিরীক্ষা করছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মসূচির (এফএমআরপি) জাতীয় পরামর্শক ওয়ালিউল হক খন্দকার বলেন, আমরা আর্থিক অনিয়ম চিহ্নিতকরণের চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্বলতা চিহ্নিতকরণের উপর গুরুত্বারোপ করছি।
মধ্য মেয়াদী বাজেট কাঠামোর আওতায় শিক্ষা, সমাজকল্যাণ, নারী ও শিশু এবং কৃষি মন্ত্রণালয়ের আর্থিক ও নৈপূণ্য নিরীক্ষা করা হবে।
ওয়ালিউল হক খন্দকার বলেন, কয়েক মাস আগে আমরা কাজ শুরু করেছি। ৩০ জন নিরীক্ষককে নিয়ে গড়া একটি দল মন্ত্রণালয়গুলো থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।
সরকার-গঠিত সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের সুপারিশের প্রেক্ষিতে সরকার মধ্য মেয়াদী বাজেট কাঠামোর আওতায় উল্লেখিত চারটি মন্ত্রণালয়ের জন্য ২০০৫-২০০৬ অর্থবছরে জন্য পাইলট ভিত্তিতে বাজেট তৈরি করে।
বাংলাদেশে এক বছরের জন্য বাজেট নির্ধারণ করা হলেও মধ্য মেয়াদী বাজেট কাঠামো ২০০৫-২০০৬ অর্থবছরের জন্য বাজেট প্রণয়ন ও পরবর্তী দুই বছরের জন্য বাজেট ধারনা প্রদান করে।
ওয়ালিউল হক বলেন, বাংলাদেশে মধ্য মেয়াদী বাজেট কাঠামো একটি নতুন বিষয়। এ কারণে বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রে মন্ত্রণালয়গুলো অসুবিধার সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, মন্ত্রণালয়গুলোর হিসাব রক্ষণ ব্যবস্থাপনা বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এই ব্যবস্থার আওতায় আসতে তাদের সময় লাগবে।
নিরীক্ষকরা মন্ত্রণালয় থেকে উপাত্ত ও অন্যান্য তথ্য সংগ্রহ করছেন। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে মধ্য মেয়াদী বাজেট কাঠামো ব্যবস্থাপনা ২০০৬ সালের শেষের দিকে প্রতিকার বিধান করবে।
নাম গোপন রাখার শর্তে কর্মসূচির সাথে জড়িত একজন নিরীক্ষক বিডিনিউজকে বলেন, মন্ত্রণালয়গুলোর নিরীক্ষার ক্ষেত্রে আমরা অনেক অনিয়ম ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা দেখতে পেয়েছি।
তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের পদক্ষেপ দক্ষতার উন্নয়ন ঘটাবে এবং এর ফলে জন সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
