বাসের টিকিট শেষ, ঈদে ঘরমুখো যাত্রীরা বিপাকে
সাপ্তাহিক ছুটি দুদিন এবং ঈদের তিনদিন ছুটি মিলিয়ে টানা পাঁচদিন ছুটির কারণে হাজার হাজার ঢাকাবাসী নাড়ির টানে এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। চাকরিজীবীরা পরিবার-পরিজনকে আগে-ভাগেই পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে।
এ পরিস্থিতিতে ঈদের এক সপ্তাহ থাকতেই রাজধানীর বাইরের বিভিন্ন রুটের দূরপাল্লার সবগুলো কোম্পানির বাসের টিকিটই শেষ হয়ে গেছে। তবে কালোবাজারে প্রায় দ্বিগুণ মূল্যে টিকিট বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাজধানীর সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলীসহ আসাদ গেট, কলেজ গেট, শ্যামলী, টেশনিক্যাল ও কল্যাণপুরের বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে গিয়ে টিকিট কেনার জন্য যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও যাত্রীরা তাদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট তারিখের টিকেট পাননি বলে জানালেন অনেক যাত্রী।
আগামী ১ জানুয়ারি সোমবার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগের দিন রোববার ও পরদিন মঙ্গলবারসহ ঈদের সরকারি ছুটি মোট তিনদিন। এর আগে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটিসহ প্রকৃত ছুটি দাঁড়াচ্ছে মোট পাঁচ দিন। স্কুলগুলোতেও বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ঢাকাবাসী এবার অনেকটা আগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন।
কলেজগেটে হানিফ পরিবহনের প্রধান কাউন্টারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন রুটের টিকিট নিতে বেশ কয়েকটি লাইন। সেখানে কর্তব্যরত কাউন্টার মাস্টার আবু তাহের জানালেন, ঈদের আগে অধিকাংশ রুটের ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তারিখের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। ২৮ ডিসেম্বর সকাল ও দুপুরের কিছু টিকেট থাকলেও বিকেল ও রাতের সব টিকিট শেষ হয়ে গেছে।
সাতক্ষীরার টিকিট সংগ্রহ করতে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী শাহেদ জানান, তিনি ৩০ তারিখের টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও ওই দিনের টিকেট পাননি। পরে বাধ্য হয়ে ২৮ তারিখ সকালের টিকিট নিয়েছেন।
রংপুরের টিকিট সংগ্রহ করতে আসা সরকারি চাকরিজীবী কাওসার হোসেন জানান, তার ২৯ বা ৩০ তারিখের চারটি টিকেট প্রয়োজন ছিল। কিন্তু ওই তারিখের না পেয়ে বাধ্য হয়ে পরিবারের সদস্যদের পাঠিয়ে দেওয়ার জন্য ২৭ তারিখের তিনটি টিকেট কিনেছেন। পরে তিনি নিজে কিভাবে যাবেন তা এখন পর্যন্ত নিশ্চিত না।
একই পরিবহনের টেকনিক্যাল কাউন্টারে গিয়েও একই তথ্য পাওয়া যায়। কাউন্টার মাস্টার শাকিল জানান, ঈদের আগের তিন দিনের সব টিকেট শেষ। এখানেও টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের লাইন ছিল।
গাবতলীতে শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, ঈগল পরিবহন, সাকুরা পরিবহন, দ্রুতি পরিবহন, সুবর্ণ পরিবহন, এমআর পরিবহন, আল-হামরা, রজনীগন্ধা, ন্যাশনাল ট্রাভেলস, মডার্ন ট্রাভেলস এবং এসআর পরিবহনসহ দূরপাল্লার বিভিন্ন বাসের সব কাউন্টার থেকেই ঈদের আগের তিন দিনের টিকেট শেষ বলে জানানো হয়।
তবে কাউন্টারে টিকেট না পাওয়া গেলেও কাউন্টারের বাইরে বা পাশেই চড়া দামে একই পরিবহনের টিকেট পাওয়া যাচ্ছে বলে ঘরমুখী যাত্রীরা অভিযোগ করেছেন।
গাবতলী মাজার রোডে রোজিনা পরিবহনের টিকেট কাউন্টারে লালমনিরহাটের পাটগ্রামগামী মধ্যবয়সী যাত্রী মহীর শেখ ও তার স্ত্রী অভিযোগ করেন, স্বাভাবিক সময়ে পাটগ্রামের প্রতিটি টিকেট ৪০০ টাকায় বিক্রি হলেও তাদের কাছ থেকে টিকিট প্রতি ১০০ টাকা বেশী নেওয়া হয়েছে।
তবে কাউন্টারে বসে থাকা নিজেকে মামুন বলে পরিচয় দেওয়া কাউন্টার মাস্টার এ অভিযোগ অস্বীকার করে বলেন, “যাত্রীরা কাউন্টারের বাইরে থেকে বেশী দামে টিকেট কিনলে আমাদের কিছু করার নেই।”
কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়ে ৩০ ডিসেম্বর তারিখে বগুড়ার টিকেট চাওয়া হলে প্রথমে বলা হয় টিকেট শেষ। পরে বলা হয় কয়েকটি টিকেট বুকিং আছে। অতিরিক্ত টাকা দিলে সেখান থেকে ব্যবস্থা করে দেওয়া সম্ভব। তবে পরে সাংবাদিক পরিচয় পেয়ে টিকেট বিক্রির দায়িত্বে থাকা ব্যাক্তি তার নাম বা অন্য কোন কথা বলতে অস্বীকৃতি জানান।
