রাষ্ট্রপতির ব্যস্ততার কারণে এবার বই পেতে দেরি হবে
বিদ্যুৎ সংকট,অবরোধ কর্মসূচি এবং রাষ্ট্রপতির ব্যস্ততার কারণে প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম সপ্তাহে বই হাতে পাচ্ছেনা।
বছর শেষ হতে চললেও এখনো ২০ শতাংশ বই জেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি।
ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান গাজী মো. আহসানুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আগামি ৮ বা ৯ জানুয়ারী প্রাথমিক শিক্ষার্থীদের বই বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের। কিন্তু ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারছেন না। ফলে এবার বই বিতরণ শুরু হবে একটু দেরিতে।”
তিনি বলেন, “চলতি বছরের ৪ জানুয়ারী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৬ সালের বই বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন।”
মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রব্বানী জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রাথমিক শিক্ষার্থীদের বই ছাপানোর কাজ শুরুতেই বাধাগ্রস্থ হয়। ফলে নির্দিষ্ট সময় ২৪ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হচ্ছে না।”
রব্বানী বলেন, “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও অবরোধের মত রাজনৈতিক কর্মসূচির কারণে যথাসময়ে বই প্রতিটি জেলায় পৌছানোও সম্ভব হচ্ছে না। লাগবে আরো কিছু দিন।”
আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে তৃণমূল পর্যায়ের বিদ্যালয়গুলোতে বই পাঠানো ও বিতরণ শুরু হবে।
ওই ক্ষেত্রে দুর্গম গ্রামের বিদ্যালয়ে বই পৌঁছাতে জানুয়ারি মাস পার হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
টেক্সটবুক বোর্ড সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক বিদ্যালয়ের (প্রথম থেকে পঞ্চম শ্রেণী) শিক্ষার্থীদের জন্য ৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার বই ছাপানো, বাধাই এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৌছানোর জন্য কার্যাদেশ দেয়া হয়। রোববারের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই বই পৌঁছানোর কথা।
এবছর বই-এর প্রয়োজন ছয় কোটিরও বেশি। গত বছরের ৮০ লাখ বই সরকারের হাতে রয়েছে। এগুলো এবার ব্যবহার করা হবে। এবার এবং গত বছরের বই মিলে চাহিদা পুরণ হওয়ার পরও কিছু বই থেকে যাবে। এগুলো প্রয়োজনে পরবর্তীতে ব্যবহার করা হবে।
দরপত্রের মাধ্যমে দুইশত প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। বরাদ্দ দেয়া হয় এক শ’ কোটি টাকা। এ ব্যাপারে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক ‘পিডিবি-ট’ প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেয়।
এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ২ কোটি ৮০ লাখ বই মুদ্রণের কার্যাদেশ দেয়া হয় । এ জন্য ব্যয় ধরা হয় ২২ কোটি টাকা।
বই ছাপার কাগজের জন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছিল। ভারতের কৃষ্ণা ট্রেডার্স নির্ধারিত সময়ের মধ্যেই কাগজ সরবরাহ করলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে আগস্ট মাসে বই ছাপার কাজ শুরু হয়। সে সময় দেশে প্রতিদিন গড়ে বিদ্যুৎ ঘাটতি ছিল এক থেকে দেড় হাজার মেগাওয়াট। ফলে দৈনিক ৫ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় কেটেছে কারখানাগুলোর। একারণে সময়মত বই ছাপা সম্ভব হয়নি।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং অবরোধের কারণে জেলা পর্যায়ে বই পৌছানোর ক্ষেত্রেও সমস্যা হচ্ছে।
