২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কা মাথায় নিয়ে বিজয় উৎসব করছে জাতি

রাজনৈতিক অনিশ্চয়তার কালো মেঘ মাথায় নিয়ে গোটা বাংলাদেশ শনিবার উদযাপন করছে বিজয়ের ৩৫ তম বার্ষিকী। দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির অনড় এবং মুখোমুখি অবস্থান, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আর গনতন্ত্র নিয়ে আশংকা এবারের বিজয় দিবসের আনন্দ ও উৎসবের মেজাজ অনেকটাই মলিন করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 01:24 AM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রাজনৈতিক অনিশ্চয়তার কালো মেঘ মাথায় নিয়ে গোটা বাংলাদেশ শনিবার উদযাপন করছে বিজয়ের ৩৫ তম বার্ষিকী।

আজ ১৬ ডিসেম্বর। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিক যুদ্ধ শুরুর পর মুক্তিবাহিনী বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে মুক্ত করে প্রিয় স্বদেশ, ছিনিয়ে আনে সবুজ আর লাল সূর্যের নতুন পতাকা ।

দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির অনড় এবং মুখোমুখি অবস্থান, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আর গনতন্ত্র নিয়ে আশংকা এবারের বিজয় দিবসের আনন্দ ও উৎসবের মেজাজ অনেকটাই মলিন করে দিয়েছে।

তারপরও স্বাধীনতা সংগ্রামে আত্মউৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পথে নেমেছে গর্বিত জাতি।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, “জনগণ বহু ত্যাগ-তিতীক্ষা এবং আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্জন করেছে। এ অর্জনকে অর্থবহ ও সুসংহত করতে প্রয়োজন সামষ্টিক উদ্যোগ এবং ঐক্যবদ্ধ প্রয়াস।”

তিনি আগামী সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান উৎসাহ উদ্দীপনায় পালন করছে বিজয় উৎসব।

সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মসজিদ, মন্দির, গীর্জাসহ সব উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি ও দেশের উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থণা করা হচ্ছে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত বিটিভি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

সেনা, নৌ ও বিমান বাহিনীর বাদক দল রাজধানীর ক্রিসেন্ট লেক, ফার্মগেট এবং মিরপুর স্টেডিয়ামে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে।

ভারতীয় দূতাবাস ধানমন্ডির নৃত্য ও সঙ্গীত শিক্ষা কেন্দ্রে স্বাধীনতা যুদ্ধের ওপর ১৬ দিনব্যাপী ছবি প্রদর্শনী শুরু হয়েছে।