২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির বাস-ট্রাক সংঘর্ষ, হামলা ভাংচুর, আহত ১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে দুই ছাত্রসহ তিনজনের আহত হওয়ার ঘটনার জের ধরে ট্রাক ভাংচুর ও অগ্নিসংযোগ এবং শ্রমিকদের পাল্টা হামলায় আরো ১৫ ছাত্র আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 04:03 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে রং সাইড দিয়ে আসা মাটিভর্তি একটি ট্রাকের সংঘর্ষে আহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র বাপ্পী (২৫),সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র সোহাগ (২৪) এবং বাসের হেল্পার। বাপ্পী ও সোহাগ, দুজনেই মীর মোশাররফ হোসেন হলের ছাত্র। তবে হেল্পারের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুর্ঘটনাটি ঘটে আমিনবাজারের কাছে। ছাত্র-ছাত্রী নিয়ে বাসটি তখন সাভার থেকে ঢাকা যাচ্ছিল।

আহত বাপ্পী ও সোহাগকে ধানমন্ডির একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর পর উত্তেজিত ছাত্ররা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে আরো দু’টো ট্রাক ।

সাভার থানার এক দল টহল পুলিশ ও দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর পরপরই একদল ট্রাক শ্রমিক ছাত্রদের ওপর হামলা চালায়। এতে আহত হন ১০-১৫ শিক্ষার্থী। তাদের শহীদ সোহরাওয়ার্দীসহ ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সাভার থানার এসআই রেজাউল করীম বলেন, এর পর অল্প কিছুক্ষণের জন্য এই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। এছাড়া আটক করা হয়েছে ট্রাকের চালককেও।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মো:শামসুল আলম সেলিম ও সহকারি প্রোক্টর মোজাম্মেল হক চৌধুরী ও মাফরুহি সাত্তার টিটু ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় তারা কথাবার্তা বলেন পুলিশসহ স্থানীয় লোকজনের সঙ্গে।