তদন্ত কর্মকর্তার অবহেলায় নিরাপরাধ দুই কিশোর বন্দী জীবনে
তদন্ত কর্মকর্তার অবহেলায় বঙ্গভবনের কাছ থেকে উদ্ধার হওয়া বস্তুটি ককটেল কিনা তা পরীক্ষা করা হয়নি ১৫ দিনেও। আদালতে জমা দেয়া হয়নি কোনো প্রতিবেদন। এর ফলে ঝুলে আছে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই কিশোর সাব্বির ও রিপনের জামিনের বিষয়টিও।
গত ২১ নভেম্বর অবরোধের দিন বিকেলে টেপ মোড়ানো জর্দার কৌটাসহ ওই দুই কিশোরকে পুলিশ বঙ্গভবনের দক্ষিণ পাশের তহশীল অফিসের সামনে থেকে আটক করে। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।
সাব্বির ও রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছিল। পরে তাদের পক্ষে জামিন চাওয়া হলে নামঞ্জুর হয়।
২৫ নভেম্বর তাদেরকে পাঠিয়ে দেয়া হয় টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে।
তাদেরকে ‘মাইনর’ বলে উল্লেখ করে শিশু আইনের ৫০ ধারায় ঢাকার সমাজ সেবা বিভাগের কর্মকর্তাকে ওই দুই কিশোর সম্পর্কে তদন্ত করে একটি রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
সে অনুযায়ী সমাজ সেবা কার্যক্রম ২-এর কর্মকর্তা প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয় সাব্বির হতদরিদ্র পরিবারের ছেলে। লেখাপড়া বেশিদূর এগোয়নি।
পুরানো ঢাকার হাজী ওসমান গনি রোডের একটি স্যানিটারী দোকানে সে মাসিক ১ হাজার টাকা বেতনে কাজ করে। বাবা-মা’র ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিন ভাই বোন নিয়ে সে নানীর সংসারে আশ্রয় নেয়।
প্রতিবেদনে রিপন সম্পর্কে বলা হয়, সে তার বাবার সঙ্গে নাজিরা বাজার লেনের একটি জুতার দোকানে কাজ করে।
ঘটনার দিন দুপুর ২টা পর্যন্ত কাজ করে সে বন্ধু সাব্বিরসহ মানিকনগরের বাসায় ফিরছিল।
এসময় তার পকেটে যে বস্তুটি পাওয়া যায় সেটি তারা ক্রিকেট বল হিসাবে ব্যবহার করতো।
প্রতিবেদনে সুপারিশ করা হয়, তাদেরকে অভিযোগ থেকে মুক্তি দেওয়ার জন্য। মামলাটির শুনানি হয়েছে ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে।
এদিকে সুপ্রিম কোর্টের এজলাস ভাংচুর মামলায় আটক রাজুকে একই কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট রোকনউদদৌলা। তিনি একই সঙ্গে সমাজ সেবার প্রশাসন কর্মকর্তাকে তার ব্যাপারে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন। রিমান্ড চাওয়া হলে আদালত বলেছে রাজু শিশু বিধায় তাকে ওই কেন্দ্রেই ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবে।
