২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে কিছুক্ষণ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে দিনভর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে অসংখ্য মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এই স্মৃতিতর্পণকে একটু ভিন্নভাবে দেখতে চেয়েছি। স্মৃতিসৌধ ঘুরে এসে তারই বিবরণ দিচ্ছেন মেহেদী আল মাহমুদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সকাল ৮ টা। রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ। শত শত লোক যাচ্ছে আর আসছে।

অধিকাংশের হাতেই শোভা পাচ্ছে নানা রকম ফুল। ব্যতিক্রম শুধু একজন, তিনি তাজা ফুলের বদলে একতোড়া কাগজের ফুল নিয়ে এসেছেন।

প্রশ্ন করতেই ভদ্রলোক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং বর্তমান বাজার ব্যবস্থা নিয়ে চার মিনিটের দীর্ঘ বক্তৃতা দিলেন। বড় বাজেট ছাড়া এই বাজারে তাজা ফুল কেনা সম্ভব নয় বলে বাধ্য হয়ে তিনি কাগজের ফুলের এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া কাগজের ফুল বারবার ব্যবহারেও নষ্ট হয় না বলে এর আলাদা গ্রহনযোগ্যতাও আছে। যেমন, মজা করে তিনি বললেন, “আগামী নির্বাচনে বিজয়ী প্রার্থীকে এই কাগজের ফুল দিয়েই সংবর্ধনা দেয়া সম্ভব।”

ভ্রাম্যমান চুলায় পিঠা বানিয়ে বিক্রি করছেন আফিয়া বেগম। তার কাছে জানতে চাইলাম, “এখানে এতো লোকজনের আনাগোনা, বিষয়টা কী?” তিনি বললেন, “বুঝিনা বাবা, হুনছি গন্ডোগোলের সময় যারা মরছে তাগোরে শ্রদ্ধা দিতাছে।” “আপনি শ্রদ্ধা দিবেন না?” জিজ্ঞাসা করলে বলেন, “আমি গরীব মানুষ বাবা, পিঠা বেইচা খাই। কাউরে কিছু দেওনের সামর্থ আমার নাই।”

এখানে যারা এসেছে তাদের সবার মুখেই একটা মৃদু শোকাচ্ছন্ন ভাব। তবে এক ভদ্রলোককে কেমন যেন একটু বেশি শোকগ্রস্ত মনে হলো। তার হাতে একটা লাঠিও দৃশ্যমান। চেহারায় একটা অস্থিরতা ফুটে আছে। মনে হচ্ছে একাত্তরের সেই রাজাকারদের খুঁজছেন, পেলেই পিটিয়ে মাথা ফাটাবেন।

গেলাম তার কাছে। বললাম, “মন খারাপ করবেন না ভাই, একাত্তরে অনেকেরই বুক খালি হয়েছে। ভেবে দেখুন, তাদের সেই ত্যাগের বিনিময়ে.....।” কথা শেষ করতে পারলাম না, তার আগেই খেঁকিয়ে উঠলেন, “ভাই লেকচার দিবেন না! আমি আসছি আমার বাগানের ফুলগুলো যে চুরি করছে তারে ধরতে।”

চানাচুরওয়ালাও আছে একজন। কাছে গিয়ে দেখলাম ছোট্ট ঠেলা গাড়ি করে তিনি ‘জামাই-বউ’ ব্রান্ডনেমে শাহী চানাচুর বিক্রি করছেন। আজকের বিক্রি বাট্টা কেমন জিজ্ঞেস করতেই একগাল হাসলেন-“জ্বি ভাইজান সেল মাশাল্লা। প্রতিদিন বুদ্ধিজীবি দিবস হইলে বাম্পার বিজনেস দিতাম।”

শীতের এই সকালেও গায়ে গরম কাপড় নেই নজরুলের। বয়স ১৫-১৬। স্মৃতিসৌধের একপাশ ধরে আস্তে আস্তে পায়চারি করছেন। কাছে গেলাম। “নাম কি তোমার?” ও বললো, “নজরুল।”

“কি করছো এখানে?”

“আপনি কি পুলিশ নাকি?”

“আরে না না, এমনি জানতে চাইছি।”

“তাই বলেন। আমি স্মৃতিসৌধের ফুল চুরি করি। গেটের ওইখানে ফুলের অনেক কাটতি কিন্তু সাপ্লাই নাই। এখান থেকে নিয়া ওইখানে সাপ্লাই দিব। আপনার লাগবে?”

“চুরি করো, পুলিশে ধরে না?”

“ধরবো কেন? সিস্টেম করা আছে না!”

চারিদিকে লোক আর লোক। বছরের এই একটা দিনেই শুধু এখানে এত লোকের পদধুলি পড়ে। কারন আজ ১৪ ডিসেম্বর। আজ শহীদ বুদ্ধিজীবি দিবস।

১৯৭১ সালের এই দিনে যখন মুক্তিসেনারা বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই পাকবাহিনীর সহযোগী রাজাকার, আল বদর, আল শামসরা দেশের বুদ্ধিজীবিদের হত্যা করে। বুদ্ধিজীবি দিবসে সেই সব শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।