বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে চুক্তি স্বাক্ষর
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বৃহস্পতিবার সকালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের পক্ষে আব্দুর রশীদ সরকার ও ইইউএর পক্ষে ইইউ এর রাষ্ট্রদূত স্টিফেন ফ্রেইন এতে স্বাক্ষর করেন।
বেলা সাড়ে ১০ টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে অপেক্ষমান সাংবাদিকদের ফ্রেইন বলেন,“নির্বাচন পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পেরে আমরা খুব খুশি।”
তিনি আরো বলেন,“বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ও নিরাপত্তার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রণায়ের সঙ্গে দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হবে।”
এবার কতজন পর্যবেক্ষক এদেশে আসছেন-এ প্রশ্নের জবাবে স্টিফেন ফ্রেইন বলেন,“এবার প্রায় ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। প্রথমে ইইউ এর ১০ সদস্যের একটি উচ্চপদস্থ অগ্রবর্তী দল আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দীর্ঘমেয়াদে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে আসবেন ৪০ জন এবং স্বল্পমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণে আসবেন ১০০ জন পর্যবেক্ষক।”
