২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে তাহেরপুরে হরতাল পালিত

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরতুরে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার হত্যার প্রতিবাদে মঙ্গলবার পৌর এলাকায় আধাবেলা পালিত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী এই হরতালের ডাক দেয়।

অন্যদিকে জাহাঙ্গীর হত্যার দায়-দায়িত্ব পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকা স্বীকার করায় বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার সকালে এলাকার চিহ্নিত সর্বহারাদের বাড়ি ঘরে হামলা ও আগুন দিয়েছে।

আধাবেলা হরতাল চলাকালে বাগমারা-তাহেরপুরে কোন যানবাহন চলাচল করেনি। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল।

রোববার রাতে তাহেরপুর বাজারের জলপইতলা মোড়ে জাহাঙ্গীর চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। পরে র‌্যাবের হাতে আটক আটজন হত্যার সঙ্গে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি লাল পতাকার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা এলাকার চিহ্নিত সর্বহারা ক্যাডারদের বাড়িতে হামলা চালায়। তারা পুলিশের হাতে আটক সাজুরিয়া গ্রামের মিঠু, রামরামা গ্রামের রমজান, মুরগী মাসুদ, আবদুর রশিদ, নওশাদ আলী ও ওয়াহেদ আলীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

ওসি গোলাম সারোয়ার সর্বহারাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা স্বীকার করেছেন। তিনি জানান, জনতার ভয়ে হত্যাকাণ্ডের রাতেই সর্বহারারা এলাকা ছেড়ে পালিয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম সরকারের স্মরণে মঙ্গলবার বিকেলে বাগমারার রামরামা মাদ্রাসা মাঠে এক শোক সভা হয়। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন প্রমুখ।