নিয়মিত সমন ছাড়াই ৪ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের দায়ের করা মানহানির মামলায় জনকণ্ঠ, ইনকিলাব ও সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার সিএমএম আদালত।
সাপ্তাহিক শীর্ষ কাগজের প্রকাশক এবং প্রতিবেদকের বিরুদ্ধেও এই পরোয়ানা জারি করা হয়। ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন।
অবশ্য আদালতে বাদীর অনুপস্থিতি এবং নিয়মিত সমন ছাড়াই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
৯ নভেম্বর মির্জা আব্বাস চারটি দৈনিক ও দুটি সাপ্তাহিকের বিরুদ্ধে সিএমএম আদালতে মানহানির ১০টি মামলা দায়ের করেন। এদের মধ্যে ভোরের কাগজ ও যুগান্তরের সম্পাদক, প্রকাশকসহ বেশ কয়েকজন সাংবাদিক রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
মামলার নথিতে দেখা যায়, আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকাগুলোর যথাযথভাবে সমন জারি করা হয়নি। সমন জারির প্রতিবেদনে বলা হলেছে, পত্রিকা অফিসে গিয়ে একজন পথচারী সাক্ষী রেখে লটকিয়ে সমন জারি করা হলো। প্রতিবেদন জারিকারী হিসাবে অজিতউল্লাহ নামে একজনের স্বাক্ষর আছে।
আদালতের উমেদার আব্দুল কাদের স্বীকার করেন, এই প্রতিবেদন তিনি অফিসে বসে লিখেছেন। অন্যদিকে জারিকারীর দাবি, উমেদার তার স্বাক্ষর জাল করেছে।
ঢাকার সিএমএম জালাল আহমেদ নিজেও গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষেত্রে অস্বচ্ছতার বিষয় স্বীকার করে বলেন, মাত্র ছয়জন জারিকারী দিয়ে এতোগুলো মামলায় সমন জারি সম্ভব নয়। অনিয়মগুলো ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানেরও খতিয়ে দেখা ছিল বলে তিনি মন্তব্য করেন। এছাড়া বিষয়টির গ্রহণযোগ্য সুরাহারও আশ্বাস দেন তিনি।
