জাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের øাতক (সম্মান) পরীক্ষার ‘খ’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
সকাল সাড়ে ৯টা ও ১১টায় দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। এতে আরও বলা হয়, ওই পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে।
তবে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী সরকার ও রাজনীতি বিভাগের পরীক্ষা বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার অন্যান্য সময়সূচীও অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তা কিনতে পাওয়া যাচ্ছে এমন খবর শোনার পর সাংবাদিক সমিতির সভাপতি (জাবি) এসএম নুরুজ্জামান সকালে সাভারের ইউসিসি কোচিং সেন্টারে ক্রেতা সেজে পরীক্ষার প্রশ্নপত্র কেনেন। এরপর তিনি প্রশ্নপত্রটি প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসানের কাছে জমা দেন।
প্রক্টর তাৎক্ষণিকভাবে বিষয়টি উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানকে জানান। পরে সমাজবিজ্ঞান অনুষদের ডীন অফিসে ভর্তি পরীক্ষা কমিটির অনুষ্ঠিত এক সভা শেষে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আমিন মোহাম্মদ আলী, ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ।
