২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানার ২ একর জমি বেদখল

চিত্ত বিনোদন, শিক্ষা, গবেষণা এবং সর্বোপরি জীববৈচিত্র্য রক্ষায় তিনযুগ আগে স্থাপিত হয় ঢাকা জাতীয় চিড়িয়াখানা। কিন্তু বিভিন্ন কারণে ঢাকা চিড়িয়াখানা প্রতিদিনই হারাচ্ছে নিজস্ব জৌলুস। বেদখল হয়ে যাচ্ছে এর সম্পত্তি। সরেজমিন জাতীয় চিড়িয়াখানা ঘুরে এসে দুই একর জমি বেদখল হওয়ার কথা জানাচ্ছেন রুবী আহমেদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

চার দফা চিঠি দিয়েও ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রায় দুই একর বেদখল জমি ফেরত পাননি। সর্বশেষ ২০ নভেম্বর ওই জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে ঢাকা জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার কিউরেটর কাজী ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই জমি নিয়ে এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। দুইটি মামলায় আমরা নিজেদের পক্ষে রায় পেলেও আজও জমি ফেরত পাইনি। সর্বশেষ গত সোমবার জেলা প্রশাসক বরাবার একটি চিঠি পাঠিয়েছি।”

নাম প্রকাশ না করার শর্তে চিড়িয়াখানার এক পদস্থ কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমানা প্রাচীর না থাকায় দক্ষিণ পাশে যেখানে দখলদাররা বসতি গড়েছে সেই পথ দিয়ে চিড়িয়াখানার মুল্যবান প্রাণী চুরির আশংকাও রয়েছে।

জানা গেছে, ১৯৭৪ সালে প্রায় ২১৩ দশমিক ৪১ একর জায়গায় স্থাপিত ঢাকা চিড়িয়াখানার দক্ষিণ লেকের পাশের দুই একর জমিতে বর্তমানে অবৈধ বসতি গড়ে উঠেছে। বিশিল মৌজায় অবস্থিত বেদখল হওয়া এ স্থানে ৬০টি বস্তিঘর রয়েছে।

দখলদার ও চিড়িয়াখানা সূত্র জানায়, একদিনে নয়, বরং গত ছয় বছর ধরে বেদখল হওয়া জমির পরিমাণ দিনে দিনে বেড়ে চলেছে। অভিযোগ রয়েছে, এই জমি দখলের সাথে জড়িত চিড়িয়াখানার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

জানা যায়, চিড়িয়াখানার দক্ষিণ দিকের ২ একর জমিতে কোন প্রাচীর না থাকায় এই দখলযজ্ঞ ঘটেছে নির্বিকারভাবেই। নাম প্রকাশে অনিচ্ছুক চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, শুধু কর্মচারী নয় এর সাথে এলাকার প্রভাবশালী নেতারা জড়িত। যে কোনো ঝামেলা ঠেকাতে কর্মচারীদের মাধ্যমে তাদের প্রতি মাসে চাঁদাও দেওয়া হয়।

এদিকে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, দখলদাররা শুধু দখলই নয়, যেখানে বাস করছে অবৈধভাবে সেই জমির জন্য নিজেদের নামে দলিলও করে নিয়েছে।

মঙ্গলবার সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে দক্ষিণ পাশের প্রাচীর সীমানায় ১ কিলোমিটার জায়গা জুড়ে প্রায় ৬০ টি বস্তিঘর গড়ে উঠেছে। সীমানা না থাকায় চিড়িয়াখানার লেকের মাছ থেকে শুরু করে ফলফলাদি পর্যন্ত চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর নারায়ণচন্দ্র বণিক বলেন, “৬ বছর আগে এই জমি দখল নিয়ে চিড়িয়াখানার কিছু অসাধূ কর্মচারী বস্তিঘর তুলে থাকা শুরু করে। এখানে ৩০-৩৫টি ঘরে চিড়িয়াখানার কর্মচারীরা থাকছে। বাকী ২৫ টি ঘর বাইরের লোকের কাছে ভাড়া দেওয়া হয়েছে।”

কর্মচারীদের উচ্ছেদের ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে নারায়ণচন্দ্র বণিক বলেন, “একাধিকবার কর্মচারীদের চিঠি দেওয়া হয়েছে। এমনকি কর্তৃপক্ষ কয়েকবার বস্তিঘর ভেঙ্গেও দিয়েছে। কিন্তু পুনরায় তারা ঘর তুলে থাকা শুরু করে। শুধু তাই নয়, কোনো সীমানা না থাকায় এই পথ দিয়ে প্রবেশ ফি ছাড়াই অবৈধ দর্শনার্থী ঢোকার সুযোগ পাচ্ছে।”

কাজী ফজলুল হক বলেন, “কর্তৃপক্ষ দক্ষিণ পাশে জমি দখলের এই ‘মহোৎসব’ ঠেকাতে দক্ষিণ লেকের সীমানা দেয়াল নির্মাণসহ গুরুত্বপূর্ণ সংস্কার তুলে ধরে ‘ঢাকা চিড়িয়াখানা আধুনিকীকরণ কর্মসূচি’ নামে সরকারের কাছে ১০ কোটি টাকার একটি প্রস্তাব পেশ করেছি। তবে ওই প্রস্তাব পশু সম্পদ মন্ত্রণালয় পার হয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আটকে পড়েছে।”

এ ব্যাপারে অর্থ মন্ত্রনালয়ে যোগাযোগ করা হলে মন্ত্রনালয়ের বাজেট ২১ শাখার সিনিয়র সহকারী সচিব মফিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, “গত অর্থ বছরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ১০ কোটি টাকার প্রস্তাব পেশ করেছে কিন্তু আগস্ট মাসের পর এই বাজেটের ব্যাপারে তারা মন্ত্রনালয়ের সাথে কোন যোগাযোগ করেনি। ১০ কোটি টাকার প্রস্তাবটি অর্থ মন্ত্রনালয়ে আটকে আছে এই অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, সাধারণত একটি প্রস্তাব মন্ত্রনালয়ে পেশ করার পর মন্ত্রনালয় সেই বাজেটের ওপর অনুসন্ধান করে একটি চিঠি পাঠায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ মন্ত্রনালয়ের এই চিঠির আজও কোন জবাব দেয়নি।”

অবশ্য কাজী ফজলুল হক বলেন, আমরা মন্ত্রনালয় থেকে এরকম কোন চিঠি পাইনি।