নাটোরে সিরিজ বোমা হামলার চার্জশিট দাখিল
দীর্ঘ ১৫ মাস পর নাটোরে সিরিজ বোমা হামলার দায়ে শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ১০ জঙ্গির বিরুদ্ধে সম্পূরক অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান সোমবার নাটোর প্রথম আমলী আদালতে এই চার্জশিট দাখিল করেন।
আদালত সূত্রে জানাযায়, দাখিলকৃত এই চার্জশিটে শায়খ আব্দুর রহমান (৫০), সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই (৫০), নওগাঁর হাফিজুর রহমান (১৯), নলডাঙ্গার হাসিব (১৯), রাজশাহীর হানজালা ওরফে শিহাব (১৯), মতিন (১৯), শহিদ উল্লাহ (২৫), সিংড়ার আব্দুল (২৬), বগুড়ার আব্দুর রশিদ (২২) ও সাতক্ষীরার শফিউল্লাহর (২৪) বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়।
আসামীদের মধ্যে সবাই জেল হাজতে আটক রয়েছে।
২০০৫ সালের ১৭ আগষ্ট দেশের ৬৩ জেলার সঙ্গে নাটোর আদালত চত্বর ও বাজার এলাকায় পরপর সাতটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় সদর থানার দারোগা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা সৈয়দ এমদাদুল হক ৮ জনের বিরুদ্ধে ২০০৫ সালের ১৯ নভেম্বর চার্জশিট দেন। পরবর্তীতে মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশ ফেরত নেয়। অবশেষে দীর্ঘ এক বছর পর এই সম্পূরক চার্জশিট দেওয়া হলো।
