জেএমবির ৬ শীর্ষ জঙ্গির আপিলের রায় মঙ্গলবার
-ঝালকাঠীর দুই বিচারক হত্যা মামলায় ফাঁসির আদেশ পাওয়া জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও বাংলাভাইসহ ৬ জঙ্গির আপিলের শুনানি সোমবার সুপ্রিম কোর্টে শেষ হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জঙ্গিদের ‘জেল পিটিশন’ ও আপিলের ওপর তিন কার্যদিবস শুনানি গ্রহণ করে মঙ্গলবার রায় প্রদানের দিন ধার্য করেন।
সোমবারের শুনানিতে জঙ্গি খালেদ সাইফুল্লার পক্ষের আইনজীবী আদালতকে বলেন, তার বিরুদ্ধে বিচারক হত্যার অভিযোগ নেই। এছাড়া হত্যার ষড়যন্ত্রের অভিযোগের প্রমাণ বিশ্বাসযোগ্য নয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান সংবিধান, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে আপিলের বিরোধিতা করেন। তিনি বলেন, আসামীরা প্রচলিত আইনের অধীনে আপিল করেনি। এজন্য তাদের জেল পিটিশন গ্রহণযোগ্য নয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী দলের বোমা হামলায় ঝালকাঠীর সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন।
নৃশংস এ হত্যা মামলার রায়ে ঝালকাঠীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ চলতি বছরের ২৯ মে জেএমবির ৭ শীর্ষ জঙ্গি শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, আতাউর রহমান সানি, আবদুল আওয়াল, মামুন, আরিফ (পলাতক) ও খালেদ সাইফুল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। হাইকোর্টেও এই দণ্ডাদেশ বহাল থাকে।
