সড়ক দুর্ঘটনায় ডেসা কর্মকর্তা নিহত
নারায়ণগঞ্জে যাত্রীবাহী ম্যাক্সি খাদে পড়ে ডেসার উপ সহকারী প্রকৌশলী জসিমউদ্দিন মোল্লা (৫০) নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের গোদনাইলের জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও নয়জন আহত হয়েছেন।
আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ম্যাক্সি অপর একটি যাত্রীবাহী টেম্পোকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ২০ ফুট খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ডেসা কর্মকর্তা মারা যান।
নিহত জসীমউদ্দিন মোল্লা শহরের কিল্লারপুলে ডেসা কোয়ার্টারে সপরিবারে থাকতেন। সিদ্ধিরগঞ্জ ডেসা অফিসে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জে ডেসার বিভিন্ন অফিসে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
