১৪ দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে খালেদার আহ্বান
নির্বাচনমুখী হওয়ার ব্যাপারে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে ১৪ দলকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত চিকিৎসকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ আহ্বান জানান।
খালেদা বলেন, ২৯ অক্টোবর ক্ষমতা হস্তান্তরের পর তিনি আশা করেছিলেন যে খুব শিগগিরই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সদিচ্ছা থাকার পরও ১৪ দলের নৈরাজ্যের কারণে তা করা সম্ভব হয়নি।
বিএনপি চেয়ারপারসন চার দলীয় জোটের প্রার্থীদের জন্য ভোট চেয়ে আগামী দুই মাস রোগীদের কাছ থেকে কোনধরনের ফি না নেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
চরদলীয় জোটের নেত্রী বলেন, “জনগণকে যেকোনো একটি বেছে নিতে হবে যে তারা উন্নয়ন, উৎপাদন ও শান্তি চায়, নাকি বিশৃঙ্খলা চায়, খুন অথবা দুর্ভিক্ষ চায়।” তিনি বলেন, “আমাদের আমলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও প্রভূত উন্নতি হয়েছে।”
খালেদা আরও বলেন, “জাতীয় সংসদে আওয়ামী লীগের কোনোরকমে কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনা থাকলেও তাদের শরীক ১৩টি দলের একটি আসনেও জেতার আশা নেই। আর সেজন্যই তারা নির্বাচন চায় না।”
বিএনপি চেয়ারপারসন হুঁশিয়ার করে দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ সতর্ক থাকায় ষড়যন্ত্রকারীরা তাতে সফল হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা প্রমুখ।
