২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলখেলাপি সাবেক ২৯১ সাংসদের বিরুদ্ধে বিটিটিবির মামলা দায়ের শুরু

আদালতের নির্দেশিত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করায় পঞ্চম ও সপ্তম সংসদের ২৯১ জন সাংসদের বিরুদ্ধে বুধবার থেকে মামলা দায়ের শুরু করেছে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনিকা ফারজানা, প্রযুক্তি প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এদের কাছে বিটিটিবির মোট পাওনা ৬ কোটি ৯ লাখ ১৮ হাজার ৬৪২ টাকা।

পঞ্চম ও সপ্তম সংসদের ৩১৫ সাবেক সাংসদের কাছে বকেয়া পাওনা ছিল ৬ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। টেলিফোন বিল পরিশোধের জন্য উচ্চ আদালত ২৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলে ২৪ জন সাংসদ ৪৩ লাখ ৩৬ হাজার ৮০৮ টাকা পরিশোধ করেন।

সময়সীমা পার হয়ে যাওয়ার পর বিলখেলাপিদের বিরুদ্ধে বিটিটিবি আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিটিটিবির আইন উপদেষ্টারা গত সপ্তাহে সবুজ সংকেত পাওয়ার পর বুধবার থেকে মামলা দায়েরের কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে বিটিটিবির সহকারী পরিচালক (রাজস্ব) মো. মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, বিলের হিসাব নিকাশ আবারও পরীক্ষা করে দেখা হচ্ছে ও সমন্বয়ের কাজ চলছে। এগুলো শেষ করে সব বিলখেলাপির বিরুদ্ধে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিটিটিবির অন্য এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার দুটি মামলা দায়েরের মধ্য দিয়ে বিলখেলাপিদের বিরুদ্ধে এলাকাভিত্তিক মামলা দায়েরের কাজ শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই মামলা করার কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিটিটিবি প্রথম থেকে চতুর্থ সংসদ ও সদ্য সমাপ্ত অষ্টম সংসদ সদস্যদের বিলের হিসাব নিকাশ ও সমন্বয়ের কাজ করছে। অবিলম্বে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। এখন তাদেরকে নির্ধারিত সময় বেঁধে তাগাদাপত্র পাঠানো হচ্ছে।

বিটিটিবির সংশ্লিষ্ট রাজস্ব বিভাগের হিসাব অনুযায়ী, পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদের সদস্যদের কাছে প্রতিষ্ঠানটির মোট বকেয়া বিলের পরিমাণ আট কোটি ৪৪ লাখ ৪৫ হাজার ৭৪৮ টাকা। এর মধ্যে সদ্য সমাপ্ত অষ্টম সংসদ সদস্যদের কাছেই পাওনা এক কোটি টাকার ওপরে।

বিটিটিবি সূত্র মতে, ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রথম সংসদের ১২ জন সদস্য মোট ৭৮ হাজার ৪৪২ টাকা টেলিফোনের বিল পরিশোধ করেননি। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দ্বিতীয় সংসদের ২৯ জন সদস্যের বকেয়ার পরিমাণ ২ লাখ ৫৮ হাজার ৯৭৯ টাকা। ১৯৮৬ সালের স্বল্পমেয়াদী তৃতীয় সংসদের ৫৫ জন সাংসদের বকেয়া ১৩ লাখ ১ হাজার ৮৯৩ টাকা। এ ছাড়া ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মেয়াদের চতুর্থ সংসদের ১১১ জন সদস্য ১ কোটি ১ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা টেলিফোন বিল বাকি রাখেন।