সেনাকুঞ্জে দুই নেত্রী
দেশে রাজনৈতিক অচলাবস্থা ও অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনায় দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একই অনুষ্ঠানে যোগ দিলেও তাঁরা শুভেচ্ছা বিনিময়ও করেননি, এমনকি ৪৫ মিনিট অবস্থানকালে পরস্পরের দিকে তাকিয়েও দেখেননি।
অনুষ্ঠানস্থলে প্রথম আসেন শেখ হাসিনা, পরে খালেদা জিয়া।
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে অন্য অতিথিদের সঙ্গে তাঁরাও দাঁড়িয়ে সম্মান জানান।
পরে সেনা বাহিনী প্রধান লে. জেনারেল মঈন উ আহম্দে, নৌবাহিনী প্রধান র্য়িার এডমিরাল এম এইচ এ খান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম রাষ্ট্রপতিকে মূল মঞ্চে নিয়ে যান। সেখানে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত স্থানে তিনি আসন গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি রেওয়াজ অনুযায়ী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি জে আর মুদাচ্ছির হোসেন, স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, এইচ এম এরশাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি লতিফুর রহমান, বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ রাজনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ সাবেক সেনা প্রধানসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা দুই নেত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তারা সশস্ত্র বাহিনীর সাফল্য কামনা করেন।
