বিয়ে অনুষ্ঠানে ‘বিষাক্ত মদ’ খেয়ে রাজধানীতে যুবকের মৃত্যু
রাজধানীর শ্যামপুরে একটি বিয়ে অনুষ্ঠানে ‘বিষাক্ত মদ’ খেয়ে এক যুবক শুক্রবার রাতে মারা গেছেন। ২০ বছর বয়সী মৃত ওই যুবকের নাম মিজানুর রহমান, তিনি একটি জুতা কারখানায় কাজ করতেন।
সূত্র জানায়, সাবেক এমপি সালাউদ্দিন আহমদের ভাগ্নে সুমনের বিয়ে অনুষ্ঠানে তার নিকটজন ও বন্ধুরা অংশ নেয় এবং রাতে তারা মদ পান করে। এক পর্যায়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে মিজান মারা যান।
শ্যামপুর থানার এস আই শামসুল আলম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বিয়ে অনুষ্ঠানে বিষাক্ত খাবার খেয়ে শুক্রবার রাতে মিজানের মৃত্যু হয়।”
তিনি আরো জানান, মিজানের মৃত্যুর পর ওই এলাকার অসংখ্য লোকজন ভীড় করে। তবে এ ঘটনায় আর কেউ অসুস্থ হয়নি বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এব্যাপারে কোন মামলা হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি।
