২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের কটুক্তির নিন্দায় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

তারা দেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট না করার জন্যও রাজনীতিকদের প্রতি আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শনিবার এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সংগঠনের সহ-সভাপতি জসীমউদ্দিন আহমেদ।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজনীতিকদের কাদা ছোঁড়াছুড়ি ও ব্যক্তিগত সমালোচনা রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। রাজনীতিতে বহুমত থাকতেই পারে। কিন্তু এজন্য শালীনতা ও গনতান্ত্রিক মূল্যবোধের সীমা অতিক্রম করা সমীচীন নয়। এ রকম অপতৎপরতা গনতন্ত্রের জন্য ক্ষতিকর।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, অবরোধের জন্য বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোন পরীক্ষা, এমন কি ক্লাশ নেওয়াও সম্ভব হচ্ছে না। ফলে সেশনজট বাড়ছে। এতে ভর্তি পরীক্ষাসহ সব রকম একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সংগঠনের সভাপতি অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খলিলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান ইন্সটিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার, ঢাবির বানিজ্য অনুষদের ডীন অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাবির অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক জাহিদুর রহমান, অধ্যাপক ফেরদৌস হোসেন প্রমুখ।