রাষ্ট্রপতির সঙ্গে ১০ উপদেষ্টার বৈঠক রাত নয়টা পর্যন্ত মুলতুবি
নিরপেক্ষতা প্রমাণে ১৪ দলের বেধে দেওয়া সময় শেষ হওয়ার দুই দিন আগে ১০ উপদেষ্টার সঙ্গে আড়াইঘন্টা বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছুতে পারেননি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধ্য়াক সরকারের প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। শনিবার রাত নয়টায় আবারও উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে।
আলোচনার বিষয় স্পষ্ট না জানালেও বৈঠক থেকে বেরিয়ে উপদেষ্টারা সাংবাদিকদের বলেছেন, এখন কিছু না বলতে পারলেও রাতের বৈঠক শেষে তারা দেশবাসীকে ইতিবাচক কিছু শোনাতে পারবেন।
শনিবার সকাল ১১টার একটু পরে বঙ্গভবনে এ বৈঠক শুরু হয়। দুপুর দেড়টায় এ বৈঠক থেকে বেরিয়ে তিন উপদেষ্টা মাহবুবুল আলম, হাসান মশহুদ চৌধুরী এবং সুলতানা কামাল জানিয়েছেন, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে শনিবার রাতের মধ্যেই একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন বলে তারা আশা করছেন।
আড়াই ঘন্টা এ বৈঠকে কোন কোন দিক নিয় আলোচনা করেছেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, “সবদিকেই আলোচনা হয়েছে। আমরা রাত নয়টায় আবার বসবো। এখন পর্যন্ত শোনানোর মত কোনো কিছু হয়নি। ইমম্যাচিওর কোনো সংবাদ দিলে তো আপনাদেরই ক্ষতি। বৈঠক শেষ হয়নি, আজ রাতে আবার হবে। আশা করছি বৈঠক শেষ হলে একটি ভালো খবর শোনাতে পারবো।”
হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের প্রায় একই কথা বলেন, “পুরো বিষয়টিকে আমরা একটি প্যাকেজ হিসেবে দেখছি। গত কয়েকদিনে রাজণৈতিক দলগুলোর সব আলাপ-আলোচনা এবং দাবি দাওয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রাত নয়টায় আবারও আলোচনা হবে। একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আমরা আশাবাদী।”
আশা জানালেন, বৈঠকে উপস্থিত আরেক উপদেষ্টা সুলতানা কামালও। তিনি বললেন, “ আশা করি দেশবাসীকে একটি ভালো ফলাফল জানাতে পারবো।”
রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা কমিটির আলোচনার প্রতিপাদ্য এবং তার প্রেক্ষাপটে করণীয় ঠিক করতেই উপদেষ্টারা শনিবার সকালে নির্ধারিত এ জরুরি বৈঠকে মিলিত হতে বঙ্গবভনে যান বলে সূত্র জানিয়েছে।
বৈঠক শুরু হওয়ার আগে একাধিক উপদেষ্টা সাংবাদিকদের জানান, এ বৈঠকের মধ্য দিয়ে ইতিবাচক কোনো কিছু বেরিয়ে আসবে বলে তারা আশা করছেন।
১০ উপদেষ্টার সবাই অর্থাৎ আপিল বিভাগের সাবেক বিচারক ফজলুল হক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলী খান সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী সাবেক পররাষ্ট্র সচিব সি এম শাফী সামি, সাবেক সচিব ধীরাজ কুমার নাথ, সাবেক সম্পাদক মাহবুবুল আলম. সাবেক পুলিশ প্রধান এম আজিজুল হক, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুফিয়া রহমান, স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ইয়াসমীন মুর্শেদ এবং মানবাধিকার কর্মী সুলতানা কামাল এ বৈঠকে উপস্থিত আছেন।
