২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নিখোঁজ ৩ মাঝির লাশ উদ্ধার

বরিশালে মালবোঝাই ট্রলার ছিনতাই হওয়ার ৭২ ঘন্টা পর নিখোঁজ চার মাঝিমাল্লার মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

ঝালকাঠীর নলছিটি উপজেলার মোল্লারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার বিকাল ৩টার দিকে বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে তিন যুবকের লাশ উদ্ধার করে।

তদন্তকেন্দ্রের ইনচার্জ-এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, তিন যুবক হলেন ভবানীপুর চর এলাকা থেকে কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের ফরহাদ হোসেন (২৮), জামাল হোসেন (৩২) এবং ভোলা জেলার বাসিন্দা আবদুস সোবাহান (৩০)। পরে এদেরকে নলছিটি থানায় নিয়ে যাওয়া হয়।

কোতয়ালি থানার এএসআই হেলালুজ্জামান জানিয়েছেন, শনিবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হলতা থেকে চালবোঝাই ট্রলারটি ছিনতাই হয়। সোমবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠী এবং বরিশালের সীমান্তবর্তী কালীজিরা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ২৯৯ বস্তা চালসহ রিয়াজ, আনসার এবং সিদ্দিককে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বরিশালের কর্ণকাঠী এবং ঝালকাঠীর নাচনমহল এলাকা থেকে ৭৫ বস্তা চাল এবং বরিশালের চর আইচা খেয়া ঘাট থেকে ছিনতাই হওয়া ট্রলারসহ শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ট্রলারের মালিক গণি শিকদার বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।