২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অচলাবস্থায় বিজিএমইএর উদ্বেগ

চলমান রাজনৈতিক অচলাবস্থায় বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম ফজলুল হক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষা তথা জাতীয় অর্থনীতির স্বার্থে অচলাবস্থা নিরসনের জন্য আবারো তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার তিনি বলেন, শনিবার পর্যন্ত এ দেশের ব্যবসায়ী মহল, বিশেষ করে পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশাবাদী ছিলেন যে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে। হুমকির হাত থেকে রক্ষা পাবে জাতীয় অর্থনীতি। কিন্তু সকাল থেকে অবরোধ কর্মসূচি শুরু হওয়ায় পোশাক রফতানিকারকরা ভীষণভাবে আশাহত হয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, আগামীতে বিদেশী অর্ডার হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে তারা আজ শংকিত। বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের বড় বড় আন্তর্জাতিক ক্রেতারা রোববার সকাল থেকে ফোন করে জানতে চান চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শরৎ এবং শীতকালের পোশাকের অর্ডার বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা নিতে পারবেন কি-না। তিনি বলেন, বিদেশী ক্রেতারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আগামীতে তারা বড় ধরনের অর্ডার দেবেন কি-না তা নিয়ে চলছে নানা চিন্তা-ভাবনা।

ফজলুল হক বলেন, গত ছয়মাস ধরে তৈরি পোশাক শিল্প বিভিন্ন রকম প্রতিকুল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। কখনো হরতাল, কখনো অনাকাঙ্খিত ঘটনা, কখনো বহিরাগতদের কারখানা ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগসহ নানা ধরণের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে। এ অবস্থায় পোশাক শিল্প আগামীতে বড় ধরনের কোন ক্ষতি বহন করতে সক্ষম নয় বলে তিনি উল্লেখ করেন।