এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলেন রুনা-আলমগীর দম্পতি
বাংলাদেশে এইচআইভি/এইডসের বিরুদ্ধে ইউএনএইডসের সচেতনতামূলক প্রচারাভিযানে যোগ দিয়েছেন তারকা দম্পতি রুনা লায়লা ও আলমগীর হোসেন।
দেশের অন্যতম গায়িকা রুনা ও তার অভিনেতা স্বামী আলমগীর এক বছরের জন্য আন্তর্জাতিক ওই সংস্থাটির ‘মুখপাত্র’ হিসেবে কাজ করবেন।
বুধবার স্থানীয় এক হোটেলে চুক্তিবদ্ধ হওয়ার পর এক সংবাদ ব্রিফিংয়ে উৎফুল্ল রুনা বলেন, “আমি মনে করি এটা আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত সম্মানজনক।”
তিনি আরও বলেন, “এ সমাজ আমাকে সব দিয়েছে, এখন আমার দেওয়ার পালা।”
নতুন ভূমিকায় অবতীর্ণ হতে পেরে তার খুবই ভালো লাগছে বলে আলমগীর জানান।
ইউএনএইডসের এক বিবৃতিতে বলা হয়, এই দম্পতি মূলত তরুণ-তরুণীদের লক্ষ্য রেখে প্রচারণা চালাবেন। তথ্যের অভাব, এইডসের ঝুঁকি সম্পর্কে অত্যন্ত কম ধারণার কারণে এই শ্রেণীর মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়ছে বলে বিবৃতিতে জানানো হয়।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে প্রায় ১৩ হাজার মানুষ এইচআইভিতে আক্রান্ত। এতে আরও বলা হয়, বাংলাদেশের মতো একটি রক্ষণশীল সমাজে পরিবারে কিংবা বিদ্যালয়ে লোকজন যৌন বিষয়ক ও যৌনমিলনের মাধ্যমে সংক্রমিত রোগ নিয়ে খোলামেলা আলোচনায় আগ্রহী হন না।
যৌনকর্মীদের মাঝে এই মারণব্যধিতে আক্রান্তের হার এক শতাংশ হলেও ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে মাদক গ্রহণকারীদের ক্ষেত্রে তা চার শতাংশেরও বেশি।
ভারতে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখেরও বেশি হওয়ায় এবং দেশটির সাথে অরক্ষিত চার হাজার কি.মি. সীমান্ত এলাকা থাকায় বাংলাদেশে এই ভাইরাস ছড়িয়ে পরার ঝুঁকি অত্যন্ত বেশি।
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মানুষের অবাধে সীমান্ত অতিক্রম এইচআইভি ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝূঁকি বাড়িয়ে দেয়। এছাড়া অরক্ষিত রক্তদান পদ্ধতিও বাংলাদেশে অনেক বড় একটি সমস্যা।
রুনা জানান, তরুণ সমাজের দৃষ্টি আরও বেশি করে আকর্ষণের লক্ষ্যে তিনি তরুণ শিল্পীদের এই সচেতনতামূলক প্রচারাভিযানের সাথে যুক্ত করবেন। এ লক্ষ্যে তিনি এইচআইভি/এইডস বিরোধী প্রচারণা নিয়ে একটি গানের অ্যালবাম বের করার পরিকল্পনা করছেন এবং টেলিভিশনে এইডসবিরোধী প্রচারণা চালাবেন বলে জানান।
তিনি আরও বলেন, “এই মারণব্যধি মোকাবেলায় সঠিক নীতি নির্ধারণে অনুরোধ জানাতে আমি নীতি-নির্ধারকদের সাথে আলোচনা করবো।”
ইউএনএইডসের বাংলাদেশ প্রতিনিধি ড্যান ওডাল্লো বলেন, তাদের সংস্থা বাংলাদেশে এই রোগ ছড়ানোর হার কমিয়ে আনতে সব ধরনের সাহায্য দিয়ে যাবে।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, “এ তো কেবল শুরু।”
ইউএনএইডসের এই কার্যক্রম হলো এশিয়া প্যাসিফিক লিডারশিপ ফোরামের প্রচারাভিযানের একটি অংশ যার সাথে যোগ দিলেন রুনা ও আলমগীর। দক্ষিণ এশিয়াভিত্তিক এই কার্যক্রম শুরু হয় ২০০২ সালে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনএইডসের কর্মকর্তা মোহাম্মদ আলী ভূঁইয়া ও লাজিনা মুনা।
