২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও তার আমলারা বিদ্যুৎ খাতে আট হাজার কোটি টাকা লুট করেছেন

দেশজুড়ে বিদ্যুৎ সঙ্কটের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার আমলাদের সীমাহীন দুর্নীতিকে দায়ী করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

কামরান রেজা চৌধুরী,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি থেকে সদ্যগঠিত এলডিপিতে যোগ দেওয়া আনোয়ারুল কবীর তালুকদার খোলাখুলি বলেছেন, বিদ্যুৎ খাতে “খালেদার নেতৃত্বে জোট সরকারের লুটপাটের নানা রূপ ও বিভিন্ন দিক”। সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র প্রতিবেদক কামরান রেজা চৌধুরী।

তালুকদার জোর দিয়ে বলেন, খালেদা জিয়া ও তার “আশীর্বাদপুষ্ট মুখ্যসচিব” কামালউদ্দিন সিদ্দিকী এবং বর্তমান সচিব আ ন হ আখতার হোসেন বিদ্যুৎ ক্ষেত্রে “সীমাহীন দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত”।

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “হাওয়াভবন, আমলা, ব্যবসায়ী সবাই মিলে বিদ্যুৎ খাত থেকে গত পাঁচ বছরে প্রায় আট হাজার কোটি টাকা লুট করেছেন, কিন্তু দেশের বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বাড়েনি”।

বিদ্যুৎ বিভাগের বর্তমান সচিব আ ন হ আখতার হোসেন সম্পর্কে আনোয়ারুল কবির তালুকদার অভিযোগ করেন, “তিনি তার মাস্তান দিয়ে আমাকে অপদস্থ ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ২৬ সেপ্টেম্বর উত্তরা, মিরপুর, সবুজবাগ, পল্লবী ও রাজধানীর অন্যান্যস্থানে ভাংচুর চালিয়েছেন”।

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার সাক্ষাৎকারে আরেকটি “ষড়যন্ত্র” এর বিষয়ও উল্লেখ করেন। তিনি বলেন, “২৬ সেপ্টেম্বরের ভাংচুরের পরদিন রাতে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগের দায়িত্ব মৌখিকভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দিয়ে দেন”। ২৮ শে সেপ্টেম্বর আনোয়ারুল কবীর তালুকদার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পদ থেকে ‘ইস্তফা’ দেন। যোগাযোগ করা হলে আ ন হ আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে আনোয়ারুল কবীর তালুকদারের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “এই সকল অভিযোগ সর্বৈব মিথ্যা এবং শিশুসুলভ। তার মতো একজন সিনিয়র ব্যক্তির কাছে এ ধরনের মন্তব্য সত্যি দু:খজনক”।

বিদ্যুৎ বিভাগের দুর্নীতির ব্যাপকতা বোঝাতে গিয়ে জামালপুর-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ আনোয়ারুল কবীর তালুকদার বলেন, “পুকুর নয় বরং এটা সাগরচুরি”। তিনি বলেন, দেশের বিদ্যুৎ পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাবে। সুশাসন কায়েম করে সততা ও দক্ষতার সাথে পরিকল্পনা প্রণয়ন করলেও আগামী তিনবছর বিদ্যুতের এই অবস্থা চলতে থাকবে। এই দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রয়োজনে আদালতে যাবেন বলে তিনি জানান।

নিজের সাবেক মন্ত্রণালয়ের দায় স্বীকার করে নিয়ে তিনি বলেন, বর্তমান বিদ্যুৎ চাহিদা দৈনিক ৫ হাজার ৫শ’ মেগাওয়াট হলেও উৎপাদন ৩ হাজার মেগাওয়াট। তার ভাষায়, “মন্ত্রনালয় প্রকৃত চাহিদার তথ্য প্রকাশ করতো না। একেক স্থানে একেক তথ্য সরবরাহ করতো। এমনকি সংসদীয় স্থায়ী কমিটির সভাগুলোতেও মিথ্যা তথ্য দেওয়া হতো”।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ প্রসঙ্গে আনোয়ারুল কবীর তালুকদার বলেন,“প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ বিভাগের জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মাঝামাঝি একটি অসাংবিধানিক কমিটি গঠন করা হয়। এই কমিটি অসাধারণ ‘বডি’ হিসেবে বিদ্যুৎ বিভাগের কাজে হস্তক্ষেপ করতো এবং এই হস্তক্ষেপের কারণে এই খাতে বিশৃংখলা ও দুর্নীতি বৃদ্ধি পায়”। প্রধানমন্ত্রী ও কামাল উদ্দিন সিদ্দিকী সরাসরি দুর্নীতিতে পৃষ্ঠপোষকতা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে মতামত জানতে রোববার সারাদিন ধরে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আনোয়ারুল কবীর তালুকদার খাতওয়ারি হিসাব দিয়ে বলেন, “গত ৫ বছরে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৭ হাজার ৫শ টাকা বিদ্যুৎ উৎপাদনের নামে ব্যয় করা হয়েছে। এর মধ্যে আড়াই হাজার কোটি টাকা বেতন-ভাতা ও অন্যান্য কাজে ব্যয় হয়। বাকী ১৫ হাজার কোটি টাকার মধ্যে আট হাজার কোটি টাকা লুন্ঠন করেছে হাওয়া ভবন, মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও আমলারা। তিনি বলেন, এই দুর্নীতির প্রয়োজনীয় কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিয়েছেন”।

বিদ্যুতের নতুন উৎপাদন সম্পর্কে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “বিদায়ী বিএনপি সরকার একটি মাত্র বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে। সেটি হলো ১০৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টংগী পাওয়ার স্টেশন। কিন্তু এটা এখন পর্যন্ত উৎপাদনে যেতে পারেনি। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে এই প্লান্ট এর বুস্টার কমপ্রেসরের মান আর্ন্তজাতিকভাবে স্বীকৃত মান থেকে নামিয়ে ‘চীনা মানে’ নামিয়ে আনা হয়। ফলে এর আকৃতি ছোট হয় ও ক্ষমতা কমে যায়। কিন্তু দাম বেড়ে যায়। এর জন্য দায়ী মন্ত্রনালয় কর্মকর্তারা, পিডিবির তৎকালীন পরিচালক পরিষদের সদস্যবৃন্দ এবং হাওয়া ভবন”।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তালুকদার বলেন, “২৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আটটি ক্ষুদ্র পাওয়ার প্লান্ট স্থাপনের যথার্থতা দেখানোর জন্য বেসরকারি খাত থেকে পিডিবির নির্ধারিত দাম প্রতি ইউনিট ১ টাকা ৯০ পয়সার চেয়ে কম দামে বিদ্যুৎ কেনা সম্ভব হয়নি। পিক আওয়ারে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা গেলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতো। এই আটটি ক্ষুদ্র প্লান্ট থেকে কবে বিদ্যুৎ পাওয়া যাবে তা নিশ্চিত নয়। কিন্তু ইতিমধ্যে লেনদেন শেষ হয়ে গেছে। আটটি ক্ষুদ্র প্লান্ট পরিচালনা করতে ১৫ বছরে রাষ্ট্রীয় খাত থেকে আট হাজার কোটি ভতুর্কি দিতে হবে”।