পাকিস্তান দূতাবাসের প্রটোকল অফিসার আটক, পরে মুক্তি
মদ খেয়ে স্ত্রীকে পেটানোর অভিযোগে পাকিস্তান দূতাবাসের প্রটোকল অফিসারকে শনিবার পুলিশ আটক করে। প্রায় ১০ ঘণ্টা পর নগরীর গুলশান থানা পুলিশ তাকে হস্তান্তর করে দূতাবাসের কাছে।
গুলশান থানা পুলিশ জানায়, প্রটোকল অফিসার জামাল খান খাটক প্রায়ই গভীর রাতে মাতাল অবস্থায় বাসায় ফিরে স্ত্রীকে মারধর করতেন। শুক্রবার রাতেও স্ত্রীকে পেটানোর সময় বহুতল ভবনের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে এলে জামাল খান তাদের সাথে হাতাহাতিতে লিপ্ত হন।
পরে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে (সাধারণ ডায়রী নম্বর-১৯১) গুলশান থানা পুলিশ বনানীর ১৩ নম্বর সড়কের ডি ব্লকের ৫৭ নম্বর বাসা থেকে প্রটোকল অফিসারকে ভোর ৬টার দিকে আটক করে। বিকাল ৪টার দিকে পুলিশ তাকে হস্তান্তর করে পাকিস্তান দূতাবাসের কাছে।
