রাঙ্গামাটিতে কঠিন চীবর দান সম্পন্ন
পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজবন বিহারের ৩৩ তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুক্রবার শেষ হয়েছে।
গেরুয়া কাপড় তৈরি করে বৌদ্ধ পুরোহিতদের দান করার দুদিনব্যাপী এই ধর্মীয় উৎসবে হাজার হাজার পাহাড়ি আদিবাসী মানুষ অংশ নেন।
জেলার রাজবন বিহার মাঠে দুপুরে সমবেত জনতাকে ধর্মোপদেশ দেন সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) প্রধান শিষ্য প্রজ্ঞাবংশ মহাস্থবির। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, রাজবন বিহারের মুরতি সেন চাকমা।
ধর্মসভায় প্রথমে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে ভিক্ষু-সংঘের উদ্দেশ্যে ২৪ ঘন্টার মধ্যে তৈরি চীবর দান করা হয়। কিন্তু পাহাড়িদের শ্রদ্ধেয় বনভান্তে অসুস্থতার কারণে সভাস্থলে আসতে পারেননি।
বৃহস্পতিবার চীবর দান উৎসব উদ্বোধন করেন রাজমাতা আরতি রায়। উদ্বোধনের পর প্রায় ৫০০ পাহাড়ি মেয়ে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সূতা বের ১০৫টি আদিবাসী কোমড় তাঁতে কাপড় বুনে, রং এবং সেলাই করে চীবর (গেরুয়া কাপড়) প্রস্তুত করেন।
